সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ১ জুন থেকে রাজ্যের সরকারি বাসে (Government Bus) মহিলাদের ভ্রমণ ফ্রি করেছে সরকার। বিনামূল্যে সরকারি বাসযাত্রার সুবিধা পাবে মহিলারা। সে লোকাল বাস হোক কিংবা দূরপাল্লার বাস। এমনকি মহিলাদের সুবিধার্থে বিশেষ স্মার্ট কার্ড চালু করা হবে রাজ্য সরকারের তরফ থেকে, যে কার্ড ছাড়া সরকারি বাসে ভ্রমণ করা যাবে না। তবে মহিলা যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য কী কী মেনে চলতে হবে সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে পরিবহন দফতর (West Bengal Transport Corporation), যেগুলি সরকারি বাসের কন্ডাক্টরদের কাছে ইতিমধ্যেই পাঠানো হয়েছে।
নির্দেশিকা জারি পরিবহন দফতরের
রবিবার পরিবহন দফতরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যে যে সমস্ত সরকারি বাস রয়েছে সে এসি হোক কিংবা নন এসি, সেখানে মহিলাদের সম্পূর্ণ নিখরচায় ভ্রমণের সুযোগ দিতে হবে। তাদের কাছ থেকে কোনও টাকা দাবি করা যাবে না। এমনকি পরিবর্তন দফতরের তরফ থেকে ইস্যু করা জিরো ভ্যালু টিকিট দিতে হবে প্রত্যেক মহিলাকে। যতক্ষণ না পর্যন্ত স্মার্ট কার্ড ইস্যু হচ্ছে, ততক্ষণ যে কোনও পরিচয়পত্র দেখিয়ে ভ্রমণ করা যাবে। সেক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা যে কোনও ডকুমেন্ট হতে পারে।
পরিবহন দফতর এও বলেছে যে, যেহেতু ১ জুন থেকে মহিলাদের ভ্রমণ ফ্রি হচ্ছে, তাই বিভিন্ন স্টপেজে যাত্রীদের বাসে তোলার ক্ষেত্রে তারা অনীহা দেখাতে পারেন। তা করা চলবে না। প্রতি রুটের ভাড়ার তালিকা অনুযায়ী নির্ধারিত স্টপেজে মহিলাদেরকে ওঠানামার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে। মহিলা যাত্রী রাস্তায় দেখলে এড়িয়ে যাওয়া যাবে না। এ নিয়ে কন্ডাক্টরদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভেরিফিকেশনে এই ভুলগুলি ধরা পড়লেই মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা
উল্লেখ্য, রাজ্যের পরিবহন নিগমের আওতায় সমস্ত সরকারি বাস যেমন ডব্লিউবিটিসি, এসবিএসটিসি বা এনবিএসটিসি বাসগুলোতে এই সরকারি সুবিধা মিলবে, যেখানে ১ জুন থেকে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করতে পারবে। তবে পরিবহন দফতর এও বলেছে যে, ডিউটিরত কোনও চালক বা কন্ডাক্টর মহিলাদের বিনামূল্যে পরিষেবা নিয়ে কোনও মন্তব্য করতে পারবে না। এমনকি রাজনৈতিক দলভিত্তিক কোনও মন্তব্যও করতে পারবে না। পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারাই সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবে।










