সৌভিক মুখার্জী, কলকাতা: ২১ জুলাই ধর্মতলায় শহীদ দিবস (Shahid Divas) পালন করবে তৃণমূল কংগ্রেস এবং বিদ্রোহী গোষ্ঠী। সেই কারণে অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে চিঠি পাঠিয়েছে বিরোধী দল। প্রতি বছরে এই দিনটিতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) এবং তাঁর অনুগামীরা এখানে সমাবেশ করেন, এবং রাজ্যের প্রত্যেকটি প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান। তবে এবার সরকারের পালাবদল ঘটেছে। এমনিতেই রেড রোডে ঈদের দিন নামাজ পড়ার অনুমতি দেয়নি বিজেপি সরকার। এমনকি তৃণমূল কংগ্রেস জনসভা করারও অনুমতি পাচ্ছে না। সেই কারণেই আগেভাগে কলকাতা পুলিশকে চিঠি পাঠাল টিএমসি।
শহীদ দিবস পালনের জন্য কলকাতা পুলিশকে চিঠি
তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “প্রশাসনিক বিধিনিষেধ সত্ত্বেও ২১ জুলাই শহীদ দিবস পালন করা হবে, এবং প্রচলিত মঞ্চের অনুমতি না পেলেও কর্মসূচি পালন হবে। প্রয়োজন পড়লে আমরা রাস্তাতেই করব এবং সবাই গ্রেফতার হব। কিন্তু ২১ জুলাই আমরা করবই।” এমনকি জিপসি গাড়ির উপর দাঁড়িয়েই মাইক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করবেন বলে জানান তৃণমূল সাংসদ।
অন্যদিকে আবার বহিষ্কৃত তৃণমূল নেতা তথা বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীও শনিবার কলকাতা পুরসংস্থার সদ্য ভেঙে যাওয়া টিএমসি পরিচালিত বোর্ডের ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে একটি বৈঠক করেন। যদিও সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি ছিল না। কিন্তু বিদ্রোহী শিবিরে যোগ দেওয়া তৃণমূলের এক বিধায়ক জানান, “২১ জুলাই তৃণমূলের প্রতিটি কর্মী এবং নেতার জন্য একটি আবেগের দিন। আগে শহীদ দিবসে চলচ্চিত্র তারকা এবং সেলিব্রিটিরা আলোতে থাকতেন, এবং নিহতদের পরিবারগুলি পিছনে বসে থাকতেন। কিন্তু এ বছর যখন আমরা পালন করব, তখন নিহতদের পরিবারগুলি সম্মান পাবে। আমাদের প্রথম পছন্দ ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করা।”
না উল্লেখ করলেই নয়, ১৯৯৬ সালের ২১ জুলাই শহরে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১৩ জন যুব কংগ্রেস কর্মী। তখন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মীদের শ্রদ্ধা জানানোর জন্যই পরে তৃণমূলের তরফ থেকে প্রতি বছর শহরের কেন্দ্রস্থল অর্থাৎ ধর্মতলায় একটি বিশাল র্যালির আয়োজন করা হয়। কিন্তু যেহেতু এবারে সরকারের পালাবদল ঘটেছে, তাই শহীদ দিবসের অনুমতি পাওয়া যাবে কিনা সে বিষয়ে সন্ধিহান বিদ্রোহী শিবির।
আরও পড়ুন: অপরাধীদের লুকিয়ে রাখলে বা পালাতে সাহায্য করলেই ২ বছর জেল! আইন আসছে রাজ্যে
কিন্তু গতকাল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কলকাতা পুলিশের কাছে যে চিঠি পাঠানো হয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, বহু দশক ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতি বছর ২১ জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালন হয়ে আসছে। পশ্চিমবঙ্গের গণতন্ত্রের এই সামাজিক এবং রাজনৈতিক ঐতিহ্যের চেতনাকে অক্ষুন্ন রাখার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ২১ জুলাই শহীদ দিবস আয়োজন করবে, এবং সেই জন্য আমরা আপনাদের পক্ষ থেকে তিন দিনের অর্থাৎ ১৯ থেকে ২১ জুলাই পর্যন্ত প্রয়োজনীয় অনুমতি প্রার্থনা করছি। এর মধ্যে ১৯ এবং ২০ জুলাই সাজসজ্জাকারী ও দলীয় কর্মীরা প্রয়োজনীয় প্রস্তুতি নেবে। ১৯ জুলাই ভোর থেকেই প্রয়োজন পড়বে অনুমতি। আর ২১ জুলাই মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে শহীদ দিবস উদযাপন বিকাল চারটের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু ভিড় ছত্রভঙ্গ করতে আরও বেশ কিছুটা সময় লাগতে পারে।










