প্রীতি পোদ্দার, কলকাতা: ঐতিহাসিক সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী সরকারের! ১৬ বছর পর কলকাতা পেল ডবল মহিলা ওসি (Kolkata Police)। ক্ষমতায় আসার আগেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মহিলাদের উপর অত্যাচার করলে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে। এবার দায়িত্ব পেতেই সেই প্রতিশ্রুতি বাস্তবেই অবলম্বন করলেন শুভেন্দু অধিকারী সরকার। বাম আমলের পর এবার তাঁর উদ্যোগেই কলকাতার দুই থানার দায়িত্বে আসলেন মহিলা ওসি।
১৬ বছর পর ডবল মহিলা ওসি
গতকাল, বৃহস্পতিবার কলকাতা পুলিশের ৩৩টি থানার ইন্সপেক্টর পদে বদল আনা হয়েছিল। তাঁদের মধ্যে শহরের প্রায় কুড়িটি থানার ওসিকে বদল করেছে লালবাজার। আর সেই সূত্রেই সরশুনা থানার ওসি পদে নিয়ে আসা হয়েছে রূপা সিং কে। তিনি আগে টালিগঞ্জ মহিলা থানার ওসি ছিলেন। এছাড়াও সিঁথি থানার ওসি হলেন চামেলি মুখোপাধ্যায়। তিনি ছিলেন উল্টোডাঙা মহিলা থানার ওসি। এর আগে ২০১০ সালে, বাম আমলে শেষবার কোনও মূল থানায় মহিলা ওসি দেখা গিয়েছিল। সে সময় নর্থ পোর্ট থানার দায়িত্বে ছিলেন দেবশ্রী চট্টোপাধ্যায়। আর এবার ঠিক ১৬ বছর পর আবারও মূল ২টি থানা পেল মহিলা ওসি।
ভবানীপুর থানায় আনা হয়েছে নতুন ওসি
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই মহিলাদের সুরক্ষার্থে প্রতিটি থানায় হেল্প ডেস্ক চালু করা হয়েছে। সেখানে মহিলা অফিসারদের কী দায়িত্ব থাকবে, তা নিয়ে প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয়েছে। সমাজে মহিলাদের যাতে কোনও অবস্থাতেই এক থানা থেকে অন্য থানায় ঘুরতে না হয়, তার জন্য এই উদ্যোগ। অন্যদিকে দক্ষিণ কলকাতার ভবানীপুর থানার নতুন ওসি হয়েছেন রাজীব চট্টোপাধ্যায় এবং ভবানীপুর থানা থেকে ইন্সপেক্টর সৌমিত্র বসুকে ট্রান্সফার করা হয়েছে STF এ। চেতলা থানার ওসি হয়েছেন মৌসম চট্টোপাধ্যায়। পার্ক স্ট্রিট থানার ওসি হলেন অমিত চট্টোপাধ্যায় এবং গৌতম রুজ ভাঙড় থানার ওসি হয়েছেন।
আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের
বিজেপি সরকার ক্ষমতায় আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে, এ রাজ্যে শাসকের আইন নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আর তাই বিজেপি সরকারের দু’মাসের মধ্যেই প্রশাসনে বড় রদবদল করা হল। এক সপ্তাহ আগেই নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এক ধাক্কায় রাজ্যের ১০৮ জন আইসিকে বদলি করা হয়েছিল। জুলাইয়ের শুরুতেই কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের ডেপুটি কমিশনার জাফর আজমল কিদওয়াইকে কলকাতা পুলিশের জয়েন্ট পুলিশ কমিশনার করা হয়েছে। পাশাপাশি প্রদীপ কুমার যাদবকে পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার পদে নিয়োগ করা হয়েছে।










