লাগবে না কোনও সুদ, ব্যবসার জন্য ১০ লাখ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, কারা পাবেন?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মানুষের ভোটে জিতে ক্ষমতায় আসার পরই কর্মসংস্থান তৈরিতে বিশেষ উদ্যোগী হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার (Government Of West Bengal)। একে একে বাংলা ছেড়ে চলে যাওয়া শিল্প গোষ্ঠীগুলিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে আবারও ফিরতে শুরু করেছে। আশা করা যাচ্ছে, দেশের অন্যতম বড় ব্যবসায়িক গোষ্ঠী টাটাও ফের বাংলায় বিনিয়োগ করবে।

তবে রাজ্যের শিল্প খাতে বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি রাজ্যের তরুন প্রজন্মকে ব্যবসার জন্য উৎসাহিত করতে এবং সম্পূর্ণ আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। প্রত্যেক যুবক-যুবতী যাতে ব্যবসা শুরু করতে পারেন সে জন্য সম্পূর্ণ বিনা সুদে 10 লাখ টাকা (Udyam Credit Card) পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার। কারা পাবেন এই অর্থ?

বিনা সুদে মিলবে 10 লাখ টাকা

গত জুন মাসে, 2026-27 আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ করেই উদ্যম ক্রেডিট কার্ডের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত খুব পরিষ্কারভাবে জানিয়েছিলেন, রাজ্যের তরুণ ব্যবসায়িক উদ্যোক্তাদের দেওয়া হবে এই কার্ড। এই বিশেষ কার্ড পাবেন রাজ্যের 2 লাখ যুবক-যুবতী। যাঁরা মূলত অর্থের অভাবে ব্যবসা শুরু করতে পারছেন না, সেই সব যোগ্য ছেলেমেয়েদের হাতেই তুলে দেওয়া হবে উদ্যম ক্রেডিট কার্ড।

জানিয়ে রাখা প্রয়োজন, স্টার্ট আপ এবং যুবক যুবতীদের উদ্যোগকে উৎসাহিত করতেই বাংলায় চালু হতে চলেছে উদ্যম ক্রেডিট কার্ড। এই প্রকল্পের অধীনে রাজ্যের 2 লাখ যুবক যুবতী অর্থাৎ উদ্যোক্তারা 10 লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে যাবেন। এরমধ্যে 5 লাখ টাকা গ্রান্ট বা সাবসিডি হিসেবে দেওয়া হবে যা ফেরত দিতে হবে না এবং বাকি 5 লাখ টাকা দেওয়া হবে সম্পূর্ণ সুদহীন ঋণ হিসেবে। সেই মর্মে, 200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

কারা পাবেন 10 লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য?

সরকারি গাইডলাইন অনুযায়ী, উদ্যম ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 55 বছরের মধ্যে। একই সাথে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মূলত নতুন স্টার্ট আপ, স্বনির্ভর গোষ্ঠী, যুব মহিলা উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ীরা এই প্রকল্পে আর্থিক সাহায্য পাওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন: ফের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল CJP

কীভাবে আবেদন করবেন?

প্রথমেই জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে উদ্যম ক্রেডিট কার্ড পেতে হলে নিজের ব্যবসার জন্য উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট বানিয়ে নিতে হবে। এই সার্টিফিকেট থাকলে তবেই মিলবে আর্থিক সাহায্য। এই প্রকল্পের জন্য শিল্পসাথী পোর্টালের মাধ্যমে আবেদন করা যেতে পারে। তবে সরকার খুব শীঘ্রই এই প্রকল্পটি নিয়ে নতুন ঘোষণা করতে পারে। সে ক্ষেত্রে সরকারের তরফে নির্দিষ্ট অফিসিয়াল পোর্টাল লঞ্চ করা হলে সেখান থেকেই এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে।