পুজোর আগেই বদলাচ্ছে শিয়ালদা-আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস, হবে আরও আরামদায়ক ভ্রমণ

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ (North Bengal) বা নিউ আলিপুরদুয়ার যাওয়ার প্রসঙ্গ উঠলে, নাম আসে তিস্তা তোর্সা এক্সপ্রেসের (Teesta Torsha Express)। আসলে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন এই তিস্তা তোর্সা এক্সপ্রেস। এবার সেই ট্রেনেরই চেহারা বদলে ফেলছে ভারতীয় রেল (Indian Railways)। জানা যাচ্ছে, আগামী অক্টোবর অর্থাৎ পুজোর আগেই একেবারে নতুন রূপে এই বিশেষ ট্রেনটিকে দেখতে পারবেন যাত্রীরা।

চেহারা পাল্টাচ্ছে তিস্তা তোর্সার

বছরের বিভিন্ন সময়ে, চেহারা পাল্টে যায়, একাধিক এক্সপ্রেস ট্রেনের। মূলত যাত্রীদের দাবিকে প্রাধান্য দিয়ে এবং রেল পরিষেবায় এক্সট্রা ভ্যালু অ্যাড করতেই বিভিন্ন ট্রেনের কোচ বদল থেকে শুরু করে ট্রেনের সার্বিক সংস্কারের কাজ করে থাকে রেল। এবার সেই মতোই শিয়ালদহ শাখার জনপ্রিয় ট্রেন তিস্তা তোর্সা এক্সপ্রেসেও জুড়তে চলেছে নতুন LHB বগি।

পুরনো যাত্রীদের একটা বড় অংশের দাবি ছিল, তিস্তা তোর্সার পুরনো রেক বদলে ট্রেনটিতে নতুন LHB বগি যুক্ত করা হোক। এবার সেই মতোই আলিপুরদুয়ার সহ দীর্ঘ রুটের যাত্রীদের দাবিকে মান্যতা দিয়ে ভারতীয় রেলের এই জনপ্রিয় ট্রেনটির রূপবদল ঘটাতে চলেছে পূর্ব রেলওয়ে। সেই মর্মে, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডের সাথে দেখা করে তিস্তা তোর্সা এক্সপ্রেসে LHB রেক যোগ করার আবেদন জানিয়েছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস।

 

আরও পড়ুন: চিনি আমদানি নিয়ে পাকিস্তানের স্বপ্ন ভাঙল ভারত

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওই বিজেপি বিধায়ক জানিয়েছেন, “পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে মহাশয়া এবং ডেপুটি জেনারেল ম্যানেজারের সাথে সাক্ষাৎ করে প্রতিশ্রুতি আদায় করে শহরে ফিরলাম। পুজোর আগেই আলিপুরদুয়ারে জেলাবাসীর বহু আকাঙ্ক্ষিত তিস্তা তোর্সা এক্সপ্রেসে নতুন LHB রেক যুক্ত হতে চলেছে। আলিপুরদুয়ারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম। জনস্বার্থে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।” এক কথায় বলাই যায়, পুজোর আগেই নতুন LHB রেকযুক্ত তিস্তা তোর্সা এক্সপ্রেস পেতে চলেছেন যাত্রীরা।