বাংলার স্কুলে এবার বাধ্যতামূলক হল ‘বন্দে মাতরম’, নির্দেশিকা শিক্ষা দফতরের

Published:

Vande Mataram

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রথমবার বাংলার মসনদে বিজেপি সরকার ক্ষমতা দখল করতেই প্রশাসনিক স্তরে একাধিক রদবদল করে চলেছে। আর এবার টার্গেট করা হয়েছে শিক্ষা ক্ষেত্রকেও। জানা গিয়েছে আজ থেকে রাজ্যের স্কুলগুলিতে (West Bengal Schools) প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ (Vande Mataram) গান গাওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর (West Bengal Education Department)। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইতিমধ্যেই প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে বার্তা। এদিকে নতুন নির্দেশ কার্যকর হওয়ার পর রাজনৈতিক ও শিক্ষামহলে শুরু হয়েছে জোর আলোচনা।

শিক্ষা দফতরের বিশেষ বার্তা

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছে একটি বিশেষ বার্তা পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, আজ বুধবার থেকেই রাজ্যের প্রতিটি স্কুলে জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি প্রার্থনার সময় বন্দে মাতরম গাইতে হবে। এমনকি, রাষ্ট্রীয় গীত স্কুলে প্রার্থনার সময় গাওয়া হয়েছে কি না, তাও এদিন স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে দফতরে। বিজেপি সরকারের এই নয়া পদক্ষেপ নিয়ে স্বাভাবিকভাবেই তুমুল শোরগোল শুরু হয়েছে শিক্ষা মহলে।

প্রার্থনার সময় গাওয়া হবে তিনটি গান

পূর্বতন তৃণমূল সরকার স্কুলগুলিতে প্রার্থনার সময় রাজ্য সংগীত হিসেবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এটি ২০২৩ সালে রাজ্য সংগীতের মর্যাদা দেওয়া হয়েছিল। তবে এখনও পর্যন্ত রাজ্য সংগীত প্রার্থনায় থাকবে কি না, সে নিয়ে নতুন বিজেপি সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অর্থাৎ আপাতত বহু স্কুলেই প্রার্থনার সময় তিনটি গান ‘জনগণমন’, ‘বন্দে মাতরম’ এবং ‘বাংলার মাটি বাংলার জল’ গাওয়া হবে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে বন্দে মাতরম নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিল অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এক নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছিল যে, এবার থেকে বন্দে মাতরমের ৬টি স্তবকই গাইতে হবে।

আরও পড়ুন: রেশনে কার্ডে আর আটা নয়, মিলবে উচ্চমানের গম, ঘোষণা খাদ্যমন্ত্রীর

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল যে ‘বন্দে মাতরম’ গান গাওয়া বা বাজানোর সময় শ্রোতাদের উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। শুধু তাই নয়, এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে, যদি ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সংগীত ‘জনগণমন’ একসঙ্গে গাওয়া হয়, তাহলে আগে গাইতে হবে ‘বন্দে মাতরম’। সম্প্রতি ‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীতের সমমর্যাদা দেওয়া নিয়ে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করেছিল।