প্রীতি পোদ্দার, কলকাতা: তৃণমূল সরকারের জমানা শেষ হতেই মিলল বড় খবর! বাংলায় প্রথমবার বিজেপি সরকার গঠনের পরেই কেন্দ্রের তরফে বকেয়া টাকা পেতে চলেছে। জল জীবন মিশন প্রকল্পের (Jal Jeevan Mission) ২ হাজার ৭০০ কোটি টাকা কেন্দ্রের (Central Government Of India) তরফে পেতে চলেছে বিজেপির নতুন সরকার। নবান্ন (Nabanna) সূত্রের খবর, খুব শীঘ্রই রাজ্য সরকারের সঙ্গে মউ স্বাক্ষরের পরেই রাজ্যের কোষাগারে ঢুকবে ২ হাজার ৭০০ কোটি টাকা।
ব্রিগেডের শপথ বাক্য পাঠ শুভেন্দুর
সকাল থেকেই দেখা যাচ্ছে ব্রিগেডমুখী জনগণ। কারণ আজই রয়েছে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান। তাই স্বাভাবিকভাবেই উত্তেজনা এক অন্য রূপ ধারণ করেছে। দলে দলে ময়দানে পৌঁছে যাচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকরা। ব্রিগেডে কড়া নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে। চার হাজার পুলিশ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দিল্লির একাধিক শীর্ষ স্থানীয় নেতা। রাজ্যপালের উপস্থিতিতে ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করলেন শুভেন্দু অধিকারী। আর এই আবহে বাংলায় কোটি কোটি বকেয়া কেন্দ্রের মঞ্জুর করার খবর উঠে এল শিরোনামে।
২৭০০ কোটি টাকার বকেয়া বরাদ্দ কেন্দ্রের
নবান্ন সূত্রের খবর, কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের সচিব ভি এল কান্থা রাও এর সঙ্গে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিবের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে এই প্রকল্পে রাজ্যের বরাদ্দ, কত টাকা এখনও পর্যন্ত মিলেছে, কতটা কাজ হয়েছে, এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জানা গিয়েছে, কেন্দ্র থেকে রাজ্যের জন্য বড় অঙ্কের বকেয়া বরাদ্দ মঞ্জুর করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল জলজীবন মিশনের অধীনে রাজ্যের জন্য প্রায় ২৭০০ কোটি টাকার বকেয়া বরাদ্দ অনুমোদন করেছে কেন্দ্র। এবং এই সংক্রান্ত একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মউ স্বাক্ষরিত হবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: ফের নন্দীগ্রামে দাঁড়াবেন মমতা? কে হতে পারেন বিজেপির প্রার্থী? প্রকাশ্যে এল নাম
প্রসঙ্গত, গত দুই বছর ধরে বাংলার জন্য জল জীবন মিশন প্রকল্পের টাকা বরাদ্দ করেনি কেন্দ্র। যা নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সংঘাত চরম আকার নিয়েছিল। আর এই সংঘাতের জেরে এবং অর্থাভাবে একাধিক জায়গায় কাজও থমকে গিয়েছিল। অবশেষে রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পরেই মিলতে চলেছে সেই বরাদ্দ। এছাড়াও, রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে রাজ্যের বৈঠক হয়েছে বলে জানা গিয়েছ। এখন দেখার কতদিনের মধ্যে সেই বকেয়া পাওয়া যায়।










