অনন্যা সরকার, কলকাতা: আজ (২১ সেপ্টেম্বর) উচ্চ মাধ্যমিক ২০২৭ পরীক্ষার তৃতীয় সেমিস্টার (Higher Secondary Semester III) শুরু হতে চলেছে। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই করম পুজো ও উপনির্বাচনের কারণে নির্দিষ্ট কিছু দিনের পরীক্ষা পিছিয়ে গিয়েছে। তার ফলে অ্যাডমিট কার্ডে দু’বার সংশোধনী বা পরিবর্তন আনা হয়েছে। তবে, শিক্ষার্থীদের সুবিধার্থে কাউন্সিল এখন অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে বিশেষ ছাড় বা সুবিধার কথা ঘোষণা করেছে। আসুন এবিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কী জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে?
উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের সময়সূচি ইতিমধ্যেই দু’বার পরিবর্তন করা হয়েছে। তাই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে অনলাইনে একটি নতুন সংশোধিত অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয় এবং স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা শিক্ষার্থীদের মধ্যে এটি বিতরণ করে। তবে কোনো শিক্ষার্থী যদি সময়মতো নতুন সংশোধিত অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করতে না পারে, তাহলে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বিরত রাখা যাবে না বলেই উল্লেখ করা হয়েছে সংসদের নির্দেশিকায়।
পরীক্ষার দিন সংসদ কর্তৃক এই পরীক্ষার জন্য অনলাইনে ইস্যু করা অ্যাডমিট কার্ডগুলোর মধ্যে যেকোনো একটি সঙ্গে নিয়ে এলেই শিক্ষার্থীকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ, প্রাথমিক অ্যাডমিট কার্ড কিংবা দ্বিতীয়বার সংশোধিত অ্যাডমিট কার্ড অথবা সর্বশেষ সংশোধিত অ্যাডমিট কার্ড – এর মধ্যে যেকোনও একটি থাকলেই পরীক্ষায় বসা যাবে।
আরও পড়ুন: মিড-ডে মিলে এবার পড়ুয়াদের পাতে পড়বে চিকেন বিরিয়ানি, বিরাট উদ্যোগ সরকারের
উল্লেখ্য, পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষাকর্মীদের একটি নির্দিষ্ট বিষয় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে যে, যদি কোনো পরীক্ষার্থী সাম্প্রতিকতম অ্যাডমিট কার্ডের পরিবর্তে আগের দুটি অ্যাডমিট কার্ডের কোনোটি নিয়ে আসে, তবে তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যাচাই করে তাদের পরিচিতি ও রেজিস্ট্রেশনের অবস্থা নিশ্চিত করতে হবে। আগামীদিনে যাতে কোনও সমস্যা বা আইনি জটিলতা না হয়, তাই স্কুল কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের হাতে সর্বশেষ সংশোধিত অ্যাডমিট কার্ডটি তুলে দেওয়ার জন্য আবেদন করা হয়।
আরও পড়ুন: অযোগ্যরা আবাস যোজনার টাকা না ফেরালেই জেল, স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের
কিন্তু পরীক্ষা শুরুর মাত্র কয়েকদিন আগে পরীক্ষার সূচি বদলের ঘোষণা করায়, স্কুলগুলির পক্ষে নতুন করে অ্যাডমিট কার্ড ছাপিয়ে সেগুলিকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই, এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এটা নিশ্চিত করা হয়েছে যে, নতুন অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ার কারণে কোনো পড়ুয়ার পরীক্ষা বাতিল করা হবে না। কাউন্সিল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, এই পরীক্ষার জন্য অনলাইনে ইস্যু করা অ্যাডমিট কার্ডগুলোর মধ্যে যেকোনো একটি দেখলেই পরীক্ষার্থীরা তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে, শিক্ষার্থীদের হাতে সর্বশেষ সংশোধিত অ্যাডমিট কার্ডটি পৌঁছে দেওয়া স্কুলেরই দায়িত্ব।










