ভোটের প্রতিশ্রুতি কতটা পূরণ? স্বচ্ছতার আপডেট দিতে রিয়েল টাইম ট্র্যাকার রাজ্য সরকারের

Published:

Real Time Promise Tracker

প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গ রাজনীতিতে প্রথমবার সরকার গড়েছে বিজেপি। আর ক্ষমতায় আসতেই দিকে দিকে বইছে পরিবর্তনের হাওয়া। এমতাবস্থায় জনগণের কাছে সরকারের ভূমিকা তুলে ধরতে বিজেপি (Bharatiya Janata Party) নিল এক অভিনব উদ্যোগ। চালু করা হল ‘রিয়েল টাইম প্রমিস ট্র্যাকার’ (Real Time Promise Tracker)। নির্বাচনের আগে রাজ্যবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে বিজেপি সরকার কতটা এগিয়েছে, সেটা বোঝাতেই এই উদ্যোগ বলে বঙ্গ বিজেপি সূত্রের খবর।

চালু হল রিয়েল টাইম প্রমিস ট্র্যাকার

নির্বাচনের আগে ভোট প্রচারের সময় জনতাকে ভূরি ভূরি প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু ক্ষমতায় আসার পর সেই কাজ সম্পূর্ণ করে না অনেকেই। যা নিয়ে নেতা মন্ত্রীদের কম কটাক্ষ শুনতে হয় না। কিন্তু বাংলার মসনদে বিজেপি বসতেই নিল এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা এ রাজ্যের রাজনীতির ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। বঙ্গবাসীর কাছে স্বচ্ছতার নজির গড়ে তোলার জন্য চালু করা হল ‘রিয়েল টাইম প্রমিস ট্র্যাকার’। যার মাধ্যমে সাধারণ মানুষ নিজের চোখে মোবাইলের স্ক্রিনেই দেখতে পাবেন যে সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কতটা কাজ করেছে। জানা গিয়েছে, https://bjp-govt-wb.pages.dev/ এই সাইটেই দেখা যাবে।

কী কী দেখা যাবে এই পোর্টালে?

‘রিয়েল টাইম প্রমিস ট্র্যাকার’ নামের ওই পোর্টালে লগ ইন করলে দেখা যাচ্ছে, ভোটের আগে মোট ১৪০টি প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। সেই ১৪০ প্রতিশ্রুতির মধ্যে একটিও এখনও পূরণ হয়নি। তবে ১১টি প্রতিশ্রুতি পূরণের কাজ চলছে। এমনকি বিজেপির হাতে যে আরও ৪ বছর ১১ মাস ২৫ দিন সময় রয়েছে ওই প্রতিশ্রুতি পূরণের জন্য, সেটাও দেখানো হয়েছে ওই ট্র্যাকারে। অর্থাৎ ভোটের আগে বিজেপি কী কী প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতির মধ্যে কটি পূরণ হয়েছে, এবং কটি প্রতিশ্রুতি পূরণের কাজ চলছে, সবটাই দেখা যাচ্ছে ওই পোর্টালে। যেহেতু ৯ মে শপথ গ্রহণের পর মাত্র ৫ দিন সময় অতিবাহিত হয়েছে, তাই কোনো কাজই এখনো সম্পূর্ণ হওয়ার তালিকায় নেই।

আরও পড়ুন: এবার থেকে আধার কার্ড তৈরিতে ব্যবহার করা যাবে এসব নথি! নিয়ম বদল UIDAI-র

খতিয়ান আপডেট করবে জনগণ

জানা গিয়েছে বঙ্গ বিজেপি সরকারের চালু করা এই পোর্টালের সবচেয়ে বড় চমক হল এটি কোনও সরকারি বা দলীয় ওয়েবসাইট নয়। বরং পোর্টালে উল্লেখ করা হয়েছে, এই ওয়েবসাইটটি পশ্চিমবঙ্গের আমজনতার দ্বারাই চালিত ও নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ, সরকার কী কাজ করছে আর কী করছে না, তার হিসেব কোনও রাজনৈতিক নেতা দেবেন না, বরং সাধারণ মানুষই তথ্য-প্রমাণের ভিত্তিতে খতিয়ান আপডেট করবেন। এই অভিনব উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, সাধারণত সরকার গড়ার পর প্রতিশ্রুতি পূরণের দাবি কেবল সভা-সমাবেশেই শোনা যায়। কিন্তু ডিজিটাল মাধ্যমে সেকেন্ডে সেকেন্ডে কাজের হিসেব দেওয়া এক প্রকার চ্যালেঞ্জ। এখন দেখার এটি কতটা কার্যকরী হয়।