প্রীতি পোদ্দার, কলকাতা: উপনির্বাচনকে (West Bengal Bypolls) ঘিরে আজ সকাল থেকেই ধুন্ধুমার পরিস্থিতি রেজিনগর (Rejinagar) এবং নন্দীগ্রামে (Nandigram)। দফায় দফায় ভোটগ্রহণ চলাকালীন একাধিক বুথে ব্যাপক অনিয়ম, এজেন্টদের ধরে মারধর, ভোটারদের ভয় দেখানোর মতো অভিযোগ উঠে আসছে বারংবার। আর এই অবস্থায় উপনির্বাচন বাতিলের দাবি করল কংগ্রেস। শুধু তাই নয়, পুনরায় ভোটের জন্য নির্বাচন দপ্তরে আবেদনের আর্জি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
মুখোমুখি কংগ্রেসের রাজ্য সভাপতি
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ উপনির্বাচন প্রসঙ্গে বিজেপিকে কাঠগড়ায় তুললেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। তিনি রাজ্য কংগ্রেসের সদর দপ্তর ‘বিধান ভবন’-এ জানান, “নন্দীগ্রামে ভোট করানোর জন্য বাইরের থেকে লোক নিয়ে গিয়েছে বিজেপি। পুরো নন্দীগ্রাম তারা দখল করে নিয়েছে। কংগ্রেসের নেতা-কর্মী ছাড়াও সাধারণ ভোটারদের পুলিশ হুমকি দিচ্ছে। এই হুমকি হুঁশিয়ারিমূলক আচরণেই বোঝা যাচ্ছে ২০২১ বা ২০২৬, কোনও নির্বাচনেই বিজেপি সাধারণের ভোটে জেতেনি। যদি জিততো তাহলে এই ভোটে তারা শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিত।”
জ্ঞানেশ কুমারকে নিয়ে কটাক্ষ
এদিকে ভোট লুটের অভিযোগ নিয়ে রেজিনগর থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেস প্রার্থী আব্দুল্লাহিল কাফি। তাঁর অভিযোগ, পুলিশ তাঁকে ধাক্কা দিয়েছে। তাই সেই নিয়ে কংগ্রেস প্রার্থী কর্মীদের নিয়ে থানার বাইরে অবস্থান বিক্ষোভ করেছেন। সেই নিয়েও শুভঙ্করের অভিযোগ, এটা আদৌ কোনও নির্বাচন নয়, শুধুমাত্র বিজেপি সরকারের প্রহসন। এমনকি তাঁর দাবি জ্ঞানেশ কুমার যতদিন থাকবেন ততদিন এভাবেই ভোট হবে।
আরও পড়ুন: “পাইলট যদি মুসলমান হয় তাহলে…” ফ্লাই দুবাই কাণ্ডে বিস্ফোরক তসলিমা নাসরিন
পুনরায় নির্বাচনের দাবি কংগ্রেসের
সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার জানান, “২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রেজিনগর এবং নন্দীগ্রাম এই দুই কেন্দ্রে এসআইআর করে নির্বাচন কমিশন অসংখ্য ভোটারদের নাম বাতিল করেছিল। তাই আমার প্রশ্ন হল, নন্দীগ্রামে যে ভোটে বিজেপি জিতেছিল সেই ভোট কি তারা আদৌ পেয়েছিল? নাকি এর পিছনে কোনও জটিল কেস রয়েছে।” তাই কংগ্রেসের দাবি, “আমরা আজ ফের নির্বাচন কমিশনে যাচ্ছি। আমাদের দাবি, এই নির্বাচন বাতিল করতে হবে এবং পুনরায় ভোট গ্রহণ করতে হবে।” অন্যদিকে পুনর্নির্বাচনের দাবিতে সরব হলেন মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রেজিনগরের প্রার্থী রবিউল আলম চৌধুরীও।










