বন দফতরের কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, কতটা বাড়ল?

Published:

Salary Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার মোহরকুঞ্জে কেন্দ্রীয় প্রকল্প ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজের হাতেই গাছ বসিয়েছেন তিনি। আর সেখানেই মুখ্যমন্ত্রী ফরেস্ট রেঞ্জার ও গার্ডদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন (Salary Hike)। একধাক্কায় অনেকটাই বেড়েছে তাদের মাসিক বেতন। ফলত পুজোর আগে যে বিরাট উপহার হতে চলেছে এইসব কর্মীদের, তা বলার অপেক্ষা রাখে না। কত টাকা বেতন বাড়ল? জানুন বিস্তারিত।

বেতন বাড়াল শুভেন্দু অধিকারীর সরকার

এদিন বন দফতরের কর্মী এবং আধিকারিকদের জন্য বড় সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুজো অর্থাৎ অক্টোবর মাস থেকেই ফরেস্ট রেঞ্জার, বিট অফিসার এবং ফরেস্ট গার্ডদের ৫০০০ টাকা করে বেতন বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি বন সহায়কদের ২০০০ টাকা করে বেতন বাড়ানোর ঘোষণা করা হয়েছে। তবে সেক্ষেত্রে বিট অফিসার রয়েছেন ৫০০ জন, ফরেস্ট গার্ড রয়েছেন ৬৫০ জন, রেঞ্জার রয়েছেন ৫০০ জন এবং বন সহায়ক রয়েছেন ১৫০০ জন। এরা প্রত্যেকেই এই বেতন বৃদ্ধির সুবিধা পাবেন।

এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গাছের গুরুত্ব বোঝাতে গিয়ে স্পষ্ট জানান, ‘অনেকেই দেখেছি গাছ লাগানোর পর ছবি তুলে পোস্ট করেন। কিন্তু ছবি তুললেই দায়িত্ব শেষ হয় না। অন্তত দুই বছর ধরে সেই গাছটির পরিচর্যা করা উচিত। কলকাতাকে সুন্দর করে রাখতে হলে তার ফুসফুস বাঁচিয়ে রাখতে হবে। তাই এখানে আরও অনেক গাছ পোঁতার প্রয়োজন। যখন মাঝেমধ্যে আমরা কাজের জন্য বিমান কিংবা হেলিকপ্টারে যাই, তখন আকাশ থেকে দেখতে পাই নিউটাউনের দিকটা অনেকটাই সবুজ। কিন্তু বাকিটা ধূসর। সর্বত্র সবুজের ছোঁয়া না থাকলে ভালো লাগে না। আজ আমরা ৫০টি গাছ লাগাচ্ছি। ম্যানগ্রোভ অরণ্য বাঁচাতে মোট ৩ কোটি গাছ লাগানো হবে।”

আরও পড়ুন: সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক সাব ইন্সপেক্টর

এদিন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, “আকাশের থেকে কলকাতা দিকে তাকালে আপনাদের ভয় লাগবে। পুরো কংক্রিটের জঙ্গল হয়ে গিয়েছে। গোসাবা, হিঙ্গলগঞ্জ, টাকিতে রীতিমতো ম্যানগ্রোভের ধ্বংসলীলা চালানো হচ্ছে। এই সমস্ত জায়গাগুলিতে বনের জমি দখল করে ইট ভাঁটা, টালির ভাঁটা ইত্যাদি তৈরি করেছে। এই ম্যানগ্রোভ অরণ্য ছিল প্রাকৃতিক রক্ষাকর্তা। আমরা সুন্দরবনে শীতকালে ৩ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি।”