মমতার আমলে উচ্চ প্রাথমিকে অতিরিক্ত ১৬০০ শূন্যপদ তৈরি, বিজ্ঞপ্তি প্রত্যাহার শুভেন্দুর সরকারের

Published:

Recruitment

সৌভিক মুখার্জী, কলকাতা: মমতার আমলে নিয়োগ (Recruitment) দুর্নীতি নিয়ে নতুন করে কিছু বলার নেই। এসএসসি প্যানেল বাতিল হওয়ার কারণে চাকরি হারিয়েছিল ২৬ হাজার প্রার্থী। তবে নতুন সরকার এবার তৃণমূল কংগ্রেসের তৈরি করা উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য সুপার নিউমেরারি পদে অতিরিক্ত ১৬০০ শূন্যপদ বাতিল করার সিদ্ধান্ত নিল। হ্যাঁ, সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রত্যাহার করেছে রাজ্য সরকার। আজ রাজ্যের তরফ থেকে এ কথা জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে।

মমতার আমলে তৈরি অতিরিক্ত ১৬০০ শূন্যপদ বাতিল

তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সুপার নিউমেরারি পদের ক্ষেত্রে যে ১৬০০ অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল, তা মূলত উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকেই নেওয়া হয়েছিল। আসলে নিয়োগ সংক্রান্ত জটিলতার কারণে তৎকালীন সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে সেই সময় হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ রাজ্য সরকারের সেই সিদ্ধান্তকে খারিজ করে দিয়ে জানিয়ে দেয়, নিয়মিত নিয়োগের ক্ষেত্রে সুপার নিউমেরারি পদে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যায় না।

তবে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে মামলা করে। তবে তার মধ্যে পালাবদল হয়েছে সরকারের। তৃণমূল কংগ্রেসকে ভরাডুবি করিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আজ অর্থাৎ বুধবার সেই মামলার শুনানি ছিল হাইকোর্টে। আদালতে আজ চাকরিপ্রার্থীদের হয়ে এই মামলার সওয়াল করেছিলেন আইনজীবী ফিরদৌস শামীম। কিন্তু রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দেয়, নিয়োগের ক্ষেত্রে আগের সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী এগোনো হবে না। ওই দুটি বিজ্ঞপ্তি প্রত্যাহার করবে নতুন সরকার।

আরও পড়ুন: জনগণনা নিয়ে শিক্ষকদের পক্ষে বড় রায় হাইকোর্টের

জানিয়ে রাখি, ২০১৬ সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গোটা প্যানেল বাতিল করা হয়। সেই সময় চাকরি হারিয়েছিল প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা। এমনকি তা নিয়ে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। যদিও সেই মামলাতে রাজ্যের অতিরিক্ত শূন্যপদ তৈরি করার সিদ্ধান্তে সেই সময় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি। তবে উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ বাতিল করে নিয়োগের ক্ষেত্রে কোনও রকম জটিলতা রাখতে চাইছে না শুভেন্দুর সরকার, এমনটাই দাবি ওয়াকিবহাল মহলের।