অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুখবর দিল সরকার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পরই মাসিক বার্ধক্য ভাতা (Old Age Allowance) ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই ভাতা আরও ৫০০ টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন, যার ফলে এবার থেকে ২,০০০ টাকা করে মাসিক ভাতা মিলবে। শুধু তাই নয় বিধবা ভাতা (Widow Allowance) ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাসিক ভাতার (Disability Allowance) পরিমাণও একইভাবে বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
৫০০ টাকা করে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত সরকারের
সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি জানান, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী ইশতেহারে বিধবা, প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। তাই নির্বাচনে জেতার পর সরকার গঠন করে এবার সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ইতিমধ্যেই, এই তিন শ্রেণীর উপভোক্তারা প্রতিমাসে ১,০০০ টাকা করে ভাতা পেতেন। নতুন সরকার গঠনের পরপরই এই অঙ্কটি বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়। তখন ঘোষণা করা হয়েছিল ১ আগস্ট থেকে যোগ্য সুবিধাভোগীরা বর্ধিত হারে ভাতা পাবেন। এখন আরও ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। তবে ভাতার পরিমাণ এখনই ২,০০০ টাকায় পৌঁছাচ্ছে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, যোগ্য সুবিধাভোগীদের জন্য ভাতা বাড়িয়ে আগামী দিনে ২,০০০ টাকা করা হবে। কিন্তু এই নতুন সিদ্ধান্তের ফলে উল্লেখযোগ্য প্রশাসনিক পরিবর্তনেরও প্রয়োজন হবে।
আরও পড়ুন: প্রতিমাসে ৫,০০০ টাকা স্কলারশিপ পাবে আপনার সন্তান, বড় ঘোষণা রাজ্য সরকারের
অন্যদিকে, বার্ধক্য, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতার জন্য পূর্বতন সরকারের আমলে জমা দেওয়া সমস্ত আবেদন বাতিল করা হচ্ছে। যারা আগে আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবার আবেদন করতে হবে। শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন যে, আগের আবেদনগুলি আর বৈধ বলে গণ্য হবে না, তাই নতুন আবেদন প্রক্রিয়া শুরু করা জরুরি। নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে নতুন আবেদনগুলির বাছাই ও যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করা হবে। সুবিধাভোগীদের আর্থিক অবস্থা কেমন এবং অন্যান্য যোগ্যতার মাপকাঠি যাচাই করার পরেই তাদের নির্বাচন করা হবে।
আরও পড়ুন: বিপাকে বেসরকারি স্কুলগুলো! UDISE নিয়ে কড়া পদক্ষেপ শিক্ষা দফতরের
তবে, এই বর্ধিত ২,০০০ টাকা ভাতা ঠিক কবে থেকে দেওয়া হবে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী সুনির্দিষ্টভাবে কিছু জানাননি। তবে, নতুন আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের কাজে সময় লাগবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। ফলে বর্ধিত ভাতা সম্ভবত আগামী অর্থবর্ষের শুরুতেই, অর্থাৎ ২০২৭ সালের এপ্রিল মাস থেকে কার্যকর হতে পারে।










