আর ওয়েস্ট বেঙ্গল নয়, এবার থেকে হবে ‘পশ্চিমবঙ্গ’! নাম পরিবর্তন নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপির

Published:

West Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতা দখলের পরেই বড় পরিবর্তনের ডাক বিজেপি সরকারের, এখন থেকে বাংলা, বঙ্গ বা WEST BENGAL নয়, ইংরেজিতেও রাজ্যের সরকারি নাম থাকবে পশ্চিমবঙ্গই। জানা গিয়েছে শীঘ্রই এই সংক্রান্ত একটি বিল বিধানসভায় আনতে চলেছে রাজ্য সরকার (Government Of West Bengal)। গত সোমবার একথা নিজের মুখে জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। এদিকে সেই খবর প্রকাশ্যে আসা মাত্রই ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক শিবিরে।

রাজ্যের সরকারি নাম নিয়ে বাড়ছে বিতর্ক

রাজ্যে পালাবদলের পরে বিভিন্ন ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনছে বিজেপি সরকার। রাস্তার নামবদল থেকে শুরু করে দফায় দফায় চলছে তৃণমূল আমলের বিশ্ব বাংলার লোগো পরিবর্তন, এই নিয়ে যদিও কম বিতর্ক হচ্ছে না। কিন্তু এবার সব বিতর্ক ছাপিয়ে দিয়ে রাজ্যের সরকারি নাম নিয়ে শুরু হল আরও এক রাজনৈতিক আলোচনা। পশ্চিমবঙ্গ নামটির একটি নির্দিষ্ট রাজনৈতিক ইতিহাস তুলে ধরে গত সোমবার, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, “এখন থেকে আর কোনও ওয়েস্ট বেঙ্গল, কোনও বাংলা নয়। অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ, সেই বঙ্গের অর্ধেকটা চলে গিয়েছে। শুধু পশ্চিমবঙ্গ পড়ে রয়েছে। তাই রাজ্যের নাম পশ্চিমবঙ্গই হবে।”

কেন নাম পরিবর্তন?

আসলে প্রশাসনিক কাজের জন্য রাজ্যের WEST BENGAL নামটি বদলের জন্য বহু আগে থেকে বিভিন্ন রাজনৈতিক মহলে নানা চর্চা করা হয়েছিল। কারণ বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা যখন কেন্দ্রীয় সরকারের বৈঠকে যান সেই সময় পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের সবার শেষে কথা বলার সুযোগ আসে। কম সময় পাওয়ায় গোটা বক্তব্য সঠিকভাবে পেশ করতে পারেন না প্রতিনিধিরা। এই নিয়ে বামফ্রন্টের আমলেও নাম বদলের জন্য হয় পদক্ষেপও করা হয়েছ। কিন্তু তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। পরে যদিও তৃণমূল রাজ্যের নাম বাংলা করতে বিধানসভায় বিল পাস করিয়েছিল কিন্তু কেন্দ্র তাতে সবুজ সংকেত দেয়নি। কারণ তাঁদের অনুমোদন ছিল ‘পশ্চিমবঙ্গ’ রাখার। তাই এবার সরকার পরিবর্তন হতেই সেটাই মানা হতে চলেছে।

আরও পড়ুন: “আশা করি টিকা নিয়েছেন..” মহুয়ার পুলিশকে ‘কামড়’ কাণ্ডে বিস্ফোরক কাঞ্চন গুপ্তা

জানা গিয়েছে, রাজ্যের সরকারি নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করা হচ্ছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত বিল নিয়ে আসা হবে বিধানসভায়। কারণ শমীক ভট্টাচার্য জানান, রাজ্যের জন্মের ইতিহাসের সঙ্গে পশ্চিমবঙ্গ নামটির গভীর সম্পর্ক রয়েছে। তাই সেই সম্মান ধরে রাখতে বিজেপি সরকার এই পদক্ষেপ নিতে চলেছে। এখন দেখার এই নাম আদেও পাশ হয় কিনা বিধানসভায়।

google button