“গরুর মাংস বানিয়েছি, খেয়ে যা”, মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে ভিডিও মহিলার, গ্রেফতার

Published:

Suvendu Adhikari

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁকে উল্লেখ করেই বিতর্কিত ভিডিও পোস্ট করেছিলেন এক মহিলা। অভিযোগের ভিত্তিতেই তাঁকেই গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ওই মহিলার বাড়ি দক্ষিণ দিনাজপুরে এবং তাঁর নাম জ্যোৎস্না বিবি। যদিও কর্মসূত্রে তিনি গুরগাওঁয়ে থাকেন। আর সেখান থেকেই তিনি বিতর্কিত ভিডিও (Viral Video) বানিয়ে পোস্ট করেছিলেন। গুরগাঁও থেকেই গ্রেফতার করা হয় তাঁকে।

মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে বিতর্কিত ভিডিও

জ্যোৎস্না বিবি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ছেড়েছিলেন, সেখানে দেখা যাচ্ছে তিনি রান্নার কড়াইতে গোমাংস রান্না করছিলেন। এমনকি সাথে রুটিও বানাচ্ছিলেন। ঠিক তখন ভিডিও বানিয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি বলেন যে, “দেখ শুভেন্দু, তোর জন্য গরুর মাংস বানিয়েছি। তুই না গরুর মাংস খেতে খুবই পছন্দ করিস। আয় খেয়ে যা। আমাদের তো এবার কোরবানি করতে দিলি না। কিন্তু তুই তো কোরবানির সময় তিন বাটি মাংস খেয়ে এসেছিলিস। তাই তোর জন্য গরুর মাংস বানিয়েছি। আর সাথে রুটি বানিয়েছি। যদি রুটি খেতে চাস তো রুটি খাবি, আর ভাত খেতে চাইলে ভাতও আছে।” (ভাইরাল ভিডিওর উপর ভিত্তি করেই লেখা, আমাদের নিজস্ব কোনও কথা বা লেখা নয়)

ভিডিও প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয় এবং নেট নাগরিকরা নিজেদের ক্ষোভ উগড়ে দিতে থাকে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এরকম অকথ্য ভাষায় আক্রমণ মেনে নেয়নি কেউ, বিরোধীরাও নয়। এমনকি ভিডিওর শেষে মহিলা রাগের বসে আরও অকথ্য ভাষায় গালিগালাজ করেন, যেগুলি এখানে লেখা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সতর্ক করে তিনি বলেন যে, “অতিরিক্ত লোভ ভালো নয়, তাহলে ভয়াবহ পরিণতি হতে পারে।” তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর অত্যাচার করছে বিজেপি।

আরও পড়ুন: ১৪ বছর ধরে বাড়ি দখল, মালিককে হুমকি ও শ্লীলতাহানি! গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ

কিন্তু ভিডিও ভাইরাল হতেই তাঁর বিরুদ্ধে চকপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশ ভারতীয় ন্যয় সংহিতা ২৯৯ ধারায় তাঁর নামে একটি এফআইআর দায়ের করে। সূত্রের খবর, স্বামী ফজলুর রহমানের সঙ্গেই থাকতেন তিনি। তাঁর আসল বাড়ি দক্ষিণ দিনাজপুরে দামোদরপুর গ্রামে। কর্মসূত্রে গুরগাওঁয়ে থাকেন বেশ কয়েক বছর ধরে। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।