সৌভিক মুখার্জী, কলকাতা: প্রথমে বলা হয়েছিল ১৫ আগস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভেরিফিকেশন করতে যেহেতু সময় লাগছে, তাই আগামী ১৭ তারিখ থেকেই প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকানো শুরু হবে। কিন্তু এর পাশাপাশি তিনি আরও স্পষ্ট করেছেন, কিছু কিছু মহিলার আবেদন ভেরিফিকেশন করতে বেশ কিছুদিন সময় লাগতে পারে। ফলে তাদের টাকা পেতে আরও দেরি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এদের ভেরিফিকেশনে লাগবে আরও সময়
আগামী ৩০ আগস্ট পর্যন্তই ভেরিফিকেশন চলবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এমনকি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ৩০ তারিখের মধ্যেই প্রত্যেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। যেহেতু ১ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইন এবং অফলাইন দু’ভাবেই আবেদন জমা পড়েছে, তাই সেক্ষেত্রে অফলাইনের আবেদনগুলি পুনরায় অনলাইনে আপলোড করা হচ্ছে। রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। প্রতিটি আবেদন পুনরায় ভেরিফিকেশন করেই অ্যাপ্রুভ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে।
প্রত্যেক মহিলার আবেদন যাচাই করার পর আগামী ১৭ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা পাঠানো হবে বলেই জানানো হয়েছে। কিন্তু এক্ষেত্রে উল্লেখ্য, যারা ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন, তাদের আবেদন ভেরিফাই হতে আরও বেশ কিছুটা সময় লাগতে পারে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি তিনি আরও জানান, এই মাসের মধ্যেই সমস্ত ভেরিফিকেশন করে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
আরও পড়ুন: অবশেষে সুপ্রিম কোর্টে ইতি হবে DA মামলার, কর্মীদের জন্য বড় আপডেট
মুখ্যমন্ত্রীর কথায়, “বিজেপি সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এর অন্যথা হবে না। আমরা এই মাসের ১৭ আগস্ট থেকে ৩ হাজার টাকা করে ভেরিফাইড মহিলাদের অ্যাকাউন্টে পাঠাবো। সরকারি টাকা নিয়ম মেনেই দেওয়া হবে। বিজেপির সংকল্পপত্র মেনেই এই টাকা প্রদান করা হবে। একটা স্কিম তৈরি করতে গেলে বা দিতে গেলে যে ফিনান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই টাকা প্রদান করা হবে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের দেওয়া হবে টাকা। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই।”










