অনন্যা সরকার, কলকাতা: আপনার বাথরুমের (Bathroom) টয়টেল (Toilet) সিটেও কী সময়ের সাথে সাথে হলুদ রং ধরতে শুরু করেছে। কখনও কখনও কড়া জেদি দাগ কিছুতেই উঠতে চায় না। তখন ব্রাশ দিয়ে টয়লেট ঘষতে হয়। কিন্তু অনেকসময় ঘষার পরেও আগের মতো শুভ্রতা ফিরে আসে না। এমন পরিস্থিতিতে টয়লেট সিটে আগের মতো চমক ফিরিয়ে আনতে ব্যবহার করতে পারেন ‘সাইট্রিক অ্যাসিড’। হ্যাঁ, মূলত টকজাতীয় সাইট্রাস ফলে উপলব্ধ এই অ্যাসিড টয়লেট পরিষ্কার করার জন্যও বেশ উপযোগী। এর স্বাভাবিক অম্লতার জোরে এটি খুব দ্রুত কাজ করতে পারে এবং এর ব্লিচ করার ক্ষমতা টয়লেটকে নতুনের মতো ঝকঝকে, পরিষ্কার করে তোলে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সাইট্রিক অ্যাসিড ব্যবহার করে কীভাবে পরিষ্কার করবেন টয়লেট বোল (Toilet Cleaning Tips)।
কীভাবে সাইট্রিক অ্যাসিড দিয়ে টয়লেট পরিষ্কার করবেন?
সাইট্রিক অ্যাসিড শুনতে অ্যাসিড হলেও এটি দেখতে সাদা পাউডারের মতো। টয়লেট বোল পরিষ্কারের জন্য সাইট্রিক অ্যাসিডকে সামান্য উষ্ণ জলে মিশিয়ে পাতলা করে নিতে হবে। তারপর, রাতে ঘুমাতে যাওয়ার আগে টয়লেটে এই মিশ্রণটি ঢেলে ঢেলে দিয়ে সিটের ঢাকনাটি ঢেকে দিতে হবে। এটি একটি প্রাকৃতিক ক্লিনার হিসেবে খুবই কার্যকর। এটি নাছোড়বান্দা দাগ এবং হলদে ভাব দূর করে টয়লেটকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেয়।
আরও পড়ুন: ঘামের কারণে সাদা জামায় বাড়ছে হলুদ দাগ, পরিষ্কার করুন এই ৫ ঘরোয়া উপায়ে
টয়লেটে সাইট্রিক অ্যাসিড ছড়িয়ে দেওয়ার পরের দিন সকালে শুধু উষ্ণ জল দিয়ে টয়লেটটি আরও একবার পরিষ্কার করতে হবে, তাহলেই দেখবেন এর পুরোনো জেল্লা আবার ফিরে এসেছে। যদি এরপরও মনে হয় কিছু জায়গা এখনও পরিষ্কার হওয়া বাকি আছে, তাহলে সাইট্রিক অ্যাসিডের আরেকটি মিশ্রণ তৈরি করে টয়লেটে ঢেলে ঢেকে দিন, ৩০ মিনিট রাখার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
সাইট্রিক অ্যাসিডকে প্রায়শই সবচেয়ে বহুমুখী প্রাকৃতিক ক্লিনারগুলির মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়। তাই টয়লেট পরিষ্কার করার জন্য সাইট্রিক অ্যাসিড একদম উপযুক্ত। এর ছত্রাকরোধী, ব্যাকটেরিয়ারোধী, তেল-ময়লা দূরকারী এবং শুভ্রতা ফিরিয়ে আনার মতো বৈশিষ্ট্যগুলির কারণে দীর্ঘদিন ধরে পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়ে আসছে। তাই, যদি টয়লেটের ঝকঝকে ভাব ফিরিয়ে আনতে চান, তাহলে সাইট্রিক অ্যাসিড একটি ভালো বিকল্প হতে পারে। উল্লেখ্য, সাইট্রিক অ্যাসিডের সাথে লেবুর রস মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও, ব্যবহার করা যায় বেকিং সোডা। তাই যদি টয়লেট বোল নোংরা হয়ে যায় বা হলুদ ভাব দূর হতে না চায়, তবে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারেন।










