IPL-র মাঝেই প্রয়াত প্রাক্তন অধিনায়ক স্মিথ

Published:

Cricketer Death During IPL 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ইংল্যান্ড থেকে ভেসে এল দুঃসংবাদ (Cricketer Death)। না ফেরার দেশে চলে গেলেন ইংল্যান্ড দলের প্রাক্তন অধিনায়ক মাইক স্মিথ (M. J. K. Smith)। মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। জানা যাচ্ছে, দীর্ঘ বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতা জনিত সমস্যায় ভুগেছিলেন প্রাক্তন ক্রিকেটার। শেষমেষ সোমবার, নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রাক্তন ইংলিশ ক্রিকেটারের মৃত্যুর খবর জানিয়েছে ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব।

প্রাক্তন খেলোয়াড়ের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট জগত!

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ছাপ রেখেছিলেন প্রাক্তন ইংলিশ ক্রিকেটার স্মিথ। 1958 সাল থেকে শুরু করে 1972 পর্যন্ত টানা 14 বছর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইংল্যান্ডের হয়ে 50টি টেস্ট খেলেছেন স্মিথ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এর মধ্যে প্রায় অর্ধেক ম্যাচেই ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন তিনি। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি সেঞ্চুরি এবং 11টি হাফ সেঞ্চুরি রয়েছে ইংল্যান্ডের এই কিংবদন্তির। সেই সূত্রেই, 2,278 রান করেছিলেন তিনি।

বলাই বাহুল্য, একজন দক্ষ অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে 6টি টেস্ট সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। যেগুলির মধ্যে মাত্র একটিতে হারতে হয়েছিল তাদের। সদ্যপ্রয়াত এই ক্রিকেটারের নেতৃত্বে 25 ম্যাচের মধ্যে 5টি ম্যাচে জয়, 17টিতে ড্র এবং তিনটিতে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে দখল ছিল স্মিথের। প্রায় দু দশকেরও বেশি সময় ধরে ওয়ারউইকশায়ার ক্লাবের হয়ে 637 ম্যাচে অংশ নিয়ে প্রায় 40 হাজার রান করেছেন তিনি।

অবশ্যই পড়ুন: পথকুকুর নিয়ে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! NGO, ডগ লাভার্সের আবেদন খারিজ

বাইশ গজের পাশাপাশি একটা সময় ইংল্যান্ডের রাগবি দলেও খেলেছিলেন স্মিথ। পরবর্তীতে ক্রিকেট থেকে অবসর নিলেও নানান ভাবে খেলার সাথে যুক্ত ছিলেন তিনি। অবসরের পর ওয়ারউইকশায়ার ক্লাবের চেয়ারম্যান ছিলেন স্মিথ। এহেন একজন কিংবদন্তির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইংল্যান্ড ক্রিকেট। ইতিমধ্যেই ইংলিশ তারকার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকরা।