বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) নামটাই বোলারের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট! আসলে সাম্প্রতিক বছরগুলিতে বৈভব যেভাবে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে, তাতে এই 15 বছরের কিশোর হয়ে উঠেছে বিশ্বের দাপুটে বোলারদের ত্রাস। এবার সেই বৈভবই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়। অনেকেই আশা করছেন আজ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই অভিষেক করতে পারেন তিনি। এরই মাঝে শোনা যাচ্ছে, বৈভবকে থামাতে বিশেষ পরিকল্পনা শুরু করে দিয়েছে ইংল্যান্ড দল।
বৈভব সূর্যবংশীকে আটকাতে বিশেষ পরিকল্পনা ইংল্যান্ডের!
আয়ারল্যান্ড সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে মুখোমুখি হতে চলেছে ভারত। সেই আসরে আদৌ বৈভব সূর্যবংশীর অভিষেক হবে কিনা তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি। কিন্তু তা সত্বেও বৈভবকে থামাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইংল্যান্ড ব্রিগেড! সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে সে কথা নিজেই জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈভব সূর্যবংশী প্রসঙ্গে কথা বলেন ইংল্যান্ডের অধিনায়ক। ব্রুককে বলতে শোনা যায়, “বৈভব সূর্যবংশী একজন প্রতিভাবান খেলোয়াড়। সে দলের জন্য নিজেকে উজাড় করে দেয়। আমরা তাঁকে দুরন্ত ক্রিকেট খেলা থেকে আটকাতে সব রকম কৌশল তৈরি করছি। আশা করছি আমরা আমাদের কৌশলে সফল হব।”
এদিন বৈভবের বয়স উল্লেখ করে হ্যারিকে সাংবাদিকরা প্রশ্ন করেন তিনি 15 বছর বয়সে কী করছিলেন? উত্তরে ইংল্যান্ডের অধিনায়ক জানান তিনি বৈভবের বয়সে ইয়র্কশায়ারের হয়ে অ্যাকাডেমি ক্রিকেট খেলছিলেন। সব মিলিয়ে বলাই যায়, ভারতের একাদশে বৈভবের জায়গা চূড়ান্ত হওয়ার আগেই ভয়ে কাঁপছে ইংল্যান্ড!
অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের স্বপ্ন ভেঙে হবে চুরমার! ফের মোহনবাগানেই হাবাস? এল বড় খবর
প্রসঙ্গত, আয়ারল্যান্ডের বিপক্ষে গত টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচের দুটিতেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সঞ্জু স্যামসন। ঠিক সে কারণেই মনে করা হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে বৈভব সূর্যবংশীকে নামানোর সিদ্ধান্ত নেওয়া হলে এই সঞ্জুকেই বিশ্রামে রাখা হতে পারে।










