বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ ভারতীয় দলের (Team India) অধিনায়কত্ব ছেড়ে দিলেন তারকা ক্রিকেটার হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। গত বছর মহিলা বিশ্বকাপে ভারতকে ট্রফি জেতানো প্লেয়ার হঠাৎ জাতীয় দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ায় বাড়ছে জল্পনা। সম্প্রতি এশিয়ান গেমসে ভারতীয় মহিলা দলকে দ্বিতীয়বারের জন্য সোনা জিতিয়েছেন হরমন। সেই মেয়েই জাতীয় দলের বড় দায়িত্ব ছেড়ে দিয়ে জানিয়ে দিলেন, আর কোনও ক্ষেত্রেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে চান না তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দীর্ঘ পোস্ট করে সাহসী সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতীয় তারকা।
সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট হরমনের
মঙ্গলবার, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভারতীয় দলের নেতৃত্ব ছাড়ার কথা জানাতে গিয়ে হরমন লিখেছেন, “আজ আমি সব ফরম্যাট মিলিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এই সিদ্ধান্ত মোটেই সহজ নয়। এর সাথে জড়িয়ে রয়েছে আমার বহু বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং কিছু বিশেষ মুহূর্ত, যেগুলি সারা জীবন আমার সাথেই থাকবে। আমি এই দল এবং ভারতীয় মহিলা ক্রিকেটকে আমার সবকিছু দিয়েছে। আমার রক্ত, আমার ঘাম, আমার সময় এবং কখনও কখনও আমার খেলার অংশ এমনকি উচ্চাকাঙ্ক্ষাও পূরণ করেছি এই দলের জন্য।”
এদিন ভারতীয় তারকা আরও জানান, “আমার কাছে এমন অনেক মুহূর্ত এসেছে যখন আমাকে আমার ব্যক্তিগত পারফরমেন্স, আমার উন্নতি এবং নিজের জন্য যা যা চেয়েছি যে স্বপ্ন পূরণ করতে চেয়েছি সেগুলোকে একপাশে সরিয়ে রাখতে হয়েছে। কারণ আমি বিশ্বাস করতাম যে দলকেই আমাকে প্রথম প্রাধান্য দিতে হবে। তাই বহু সময় আমাকে অধিনায়ক হিসেবে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।”
আরও পড়ুন: হঠাৎ ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে বিরাট মন্তব্য করলেন হরমনপ্রীত
নিজের বক্তব্যের মধ্যে দিয়ে হরমন একপ্রকার বুঝিয়ে দিলেন, ভারতীয় দলের জন্য বহু ইচ্ছে বিসর্জন দিতে হয়েছিল তাঁকে। জাতীয় দলের দায়িত্ব কাঁধে নিয়ে তা সঠিকভাবে পালন করতে পেরে আনন্দিত ভারতীয় মহিলা ক্রিকেটার। তবে এবার থেকে আর জাতীয় দলের মাথায় থাকছেন না হরমন। এখন প্রশ্ন, কে হবেন টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক? আপাতত সবচেয়ে বেশি জল্পনা যে নাম নিয়ে সেটা হল বর্তমান সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। এখন দেখার শেষ পর্যন্ত কাকে অধিনায়ক করে টিম ম্যানেজমেন্ট।










