আগামী বছর থেকে IPL হতে পারে দুর্গাপুজোর সময়, বড় সিদ্ধান্তের পথে BCCI!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) সময়ে আসতে চলেছে বড় বদল। শোনা যাচ্ছে, আগামী সিজন থেকে IPL প্রায় ছয় মাস পিছিয়ে যেতে পারে। অর্থাৎ যেখানে সাধারনত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয় মার্চ মাসে সেটা পিছিয়ে সেপ্টেম্বরের দিকে আয়োজন করা হতে পারে। IPL এর চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়েছেন, কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে এই টুর্নামেন্টের সময় পিছিয়ে যেতে পারে। আর সেটা হলে, IPL অনুষ্ঠিত হবে দুর্গাপুজোর সময়।

যে কারণে IPL এর সময় পিছিয়ে দিতে পারে বোর্ড

সাধারণত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয় মার্চ মার্চ থেকে, যা চলে মে মাস পর্যন্ত। এবারেও সেই নিয়মের অন্যথা হচ্ছে না। এ মাসেই শেষ হয়ে যাবে বিশ্বের সবচেয়ে বড় টি টোয়েন্টি লিগ। যদিও করোনা মহামারীর কারণে 2020 ও 2021 পরপর দুবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল সেপ্টেম্বর-অক্টোবর মাসে। সূত্রের খবর, এবার সেই পথেই হাঁটতে চাইছে বোর্ড এবং IPL কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেয়ারম্যান অরুণ বাবু জানিয়েছেন, IPL এর সময় পেছানোর নেপথ্যে কোনও অতিরিক্ত চাপ বা বোর্ডের কড়া নির্দেশ নেই। আসলে মার্চ থেকে মে মাসের সময়টায় ভারতের বিভিন্ন রাজ্যে বাড়ে গরমের দাপট। প্রখর দাবদাহের মধ্যে ম্যাচের জন্য এক শহর থেকে অন্য শহরে যাতায়াত সহ প্র্যাক্টিস এবং সর্বোপরি ম্যাচে অংশগ্রহণ সবটাই বেশ কষ্টসাধ্য হয়ে যায় খেলোয়াড়দের পক্ষে। মূলত সে কারণেই প্লেয়ারদের কষ্ট কমাতে এবং তাঁদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে শুরু হতে পারে।

অবশ্যই পড়ুন: ভিন রাজ্যে পালিয়েও হল না শেষ রক্ষা, গ্রেফতার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

এ নিয়ে ধুমল আরও বলেছেন, “ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেরিতে শুরু করতে হলে সম্প্রচারকারী বিভিন্ন চ্যানেল এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অনুমতি প্রয়োজন। সেটা পাওয়া গেলে তবেই এগনো যাবে।” জানা গিয়েছে খুব শীঘ্রই এই মর্মে বিভিন্ন সম্প্রচারকারী চ্যানেলগুলির সাথে বৈঠকে বসবে IPL কর্তৃপক্ষ। তারপর বৈঠকের নির্যাস অর্থাৎ সিদ্ধান্তের কথা জানানো হবে বিশ্ব ক্রিকেট সংস্থাকে। সেখান থেকে সবুজ সংকেত পেলে IPL সেপ্টেম্বর থেকে অক্টোবরের দিকে আয়োজন করতে পারে BCCI। বলে রাখি, এই সময়টায় বাংলা সহ ভারতের বিভিন্ন রাজ্যে দুর্গাপুজো, দশেরা এবং দীপাবলি হয়ে থাকে।

google button