বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন ইশান কিষাণ (Ishan Kishan)। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই একপ্রকার জ্বলে উঠেছিলেন তিনি। হাফ সেঞ্চুরি তুলতে না পারলেও 27 হলে 37 রানের অপরাজিত ইনিংস খেলে অধিনায়কের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে জিতিয়েছিলেন ইশান। সেই ছেলেই এবার বিরাট কোহলির (Virat Kohli)10 বছর পুরনো এক রেকর্ড ভেঙে এক নম্বর ভারতীয় ক্রিকেটার হলেন। বলাই বাহুল্য, সম্প্রতি ভারতের জার্সিতে কামব্যাক করার পর টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন ইশান কিষাণ।
বিরাটের কোন রেকর্ড ভাঙলেন ইশান?
মঙ্গলবার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 37 রান করার পরই টি-টোয়েন্টি ক্রিকেটে এক বর্ষ পঞ্জিকায় সর্বোচ্চ রান করা ভারতীয় খেলোয়াড় হয়ে উঠেছেন ইশান। আসলে চলতি বছর এ পর্যন্ত মোট 45টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে। 1644 রান করেছেন ভারতীয় তারকা। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং 13টি হাফ সেঞ্চুরি রয়েছে। যেখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর বিহারের ক্রিকেটারের মোট রান 1042।
অন্যদিকে বিরাট কোহলি 2016 সালে 31টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে সব মিলিয়ে মোট 1614 রান করেছিলেন। যার মধ্যে ছিল চারটি সেঞ্চুরি এবং 7টি হাফ সেঞ্চুরি। ওই বছর শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোহলির রান ছিল 973। যেখানে 2016 তে 15টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে 641 রান করেছিলেন তিনি। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে একক বর্ষ পঞ্জিকায় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বিরাট কোহলির 10 বছর পুরনো রেকর্ড ভেঙে দিলেন ইশান।
আরও পড়ুন: প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার জন্য সত্যিই ৫ কোটি নিয়েছিলেন? জানালেন বিরাট কোহলি
প্রসঙ্গত, এক বর্ষ পঞ্জিকায় টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান রয়েছে ইশান কিষাণের। এরপরই তালিকার দু’নম্বরে রয়েছেন বিরাট কোহলি। তালিকার তিন নম্বরে নাম রয়েছে অভিষেক শর্মার। এর পাশাপাশি 4 নম্বরে সূর্যকুমার যাদব এবং পাঁচে ফের অভিষেক শর্মা রয়েছেন। আসলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে এক বর্ষ পঞ্জিকায় 1614 রান নিয়ে এতদিন এগিয়েছিলেন কোহলিই। এবার সেই ধারাটাই ভাঙলেন ইশান।










