বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুর দিকে লাগাতার পরাজয়ের পর মাঝপথে এসে ঘুরে দাঁড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সঙ্ঘবদ্ধ লড়াইকে পাথেও করেই একটানা চার ম্যাচে জিতেছিল শাহরুখ খানের দল। তবে সেই সাফল্য কার্যত জলে গেল গতকালের ম্যাচে হারের পর। এদিন বিরাট কোহলির দাপটের সামনে মাথা নুইয়েছিলেন অজিঙ্কা রাহানেরা। তাতেই প্লে অফে যাওয়াটা কলকাতার পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়ল। তবে অনেকেই বলছেন, শুধুমাত্র কোহলি নয় বরং নিজেদের ঘরের ছেলের অনুপস্থিতির কারণেও হেরে গেল KKR।
এই নাইট তারকার জন্যই হারল KKR!
গতকাল প্রথমে ব্যাট করতে নেমে, বেঙ্গালুরুকে 193 রানের লক্ষ্য দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে 6 উইকেট হাতে রেখে জিতে যায় RCB। আর এই জয়ের নেপথ্যে স্মরণ করতেই হয় বিরাট কোহলির অপরাজিত শত রানের ইনিংসকে। এদিন ভারতীয় মহাতারকা যেভাবে ব্যাট চালিয়েছিলেন তাতে প্রতিপক্ষের পরাজয় একেবারে নিশ্চিত ছিল। তবুও কেউ কেউ মনে করছেন, এদিন কলকাতার এক গুরুত্বপূর্ণ প্লেয়ারের অনুপস্থিতির কারণেই পরাজয় দেখতে হয়েছে শাহরুখ খানের দলকে।
আসলে গতকাল, কার্তিক ত্যাগী এবং সুনীল নারিন ছাড়া আর কেউই বেঙ্গালুরুর উইকেট তুলতে পারেননি। এক কথায়, এদিন RCB-র ব্যাটসম্যানদের আটকাতে পারেননি কলকাতার বোলাররা। মূলত সে কারণেই ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, এদিন চোটের কারণে বরুণ চক্রবর্তী না থাকায় কলকাতার বোলিং বিভাগ অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। তিনি থাকলে বোধহয় গতকালের ম্যাচটা বেঙ্গালুরুর জেতা হতো না। আর ঠিক সেই সূত্র ধরেই অনেকেরই দাবি, গতকাল কলকাতার পরাজয়ের নেপথ্যে কোহলির সবচেয়ে বেশি অবদান থাকলেও বরুণ চক্রবর্তীর না থাকাও নাইটদের পরাজয়ের বড় কারণ।
অবশ্যই পড়ুন: রাস্তার ধারে প্রকাশ্যে পশু বলি নিষিদ্ধ করল রাজ্যে সরকার, না মানলেই জেল!
উল্লেখ্য, বুধবার হারের পর এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এক ধাপ পিছিয়ে 8 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। খাতায় কলমে এখন আর তিন ম্যাচ বাকি কলকাতার। এই তিন ম্যাচের তিনটিতেই বড় ব্যবধানে জেতার পাশাপাশি অন্যান্য দলগুলির ফলাফলের উপর নির্ভর করে থাকতে হবে শাহরুখ খানের KKR-কে। এক কথায় বলাই যায়, কলকাতার প্লে অফে ওঠা এই মুহূর্তে প্রায় অসম্ভব।










