“এটা আমার সিদ্ধান্ত…!” কুলদীপ যাদব টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ায় মন্তব্য বোলিং কোচের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট (India Vs Sri Lanka) থেকে বাদ পড়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ সারাংশ জৈন। ভারতীয় তারকার বাদ পড়া নিয়ে আগেই অধিনায়ক শুভমন গিল জানিয়েছিলেন, ভাইরাল ফিভারে আক্রান্ত কুলদীপ। যার কারণে তাঁকে কলম্বো টেস্টে পাওয়া যাবে না। এমনিতেও প্রথম টেস্টে এই খেলোয়াড়ের পারফরমেন্স ছিল যথেষ্ট হতাশাজনক। সেই আসরে মাত্র একটি উইকেট তুলতে পেরেছিলেন তিনি। এবার সেই কুলদীপের টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া নিয়ে বড় মন্তব্য করলেন বোলিং কোচ মর্নে মরকেল।

কুলদীপ যাদবকে নিয়ে বড় মন্তব্য বোলিং কোচের

কুলদীপ যাদব টিম ইন্ডিয়া (Kuldeep Yadav Team India) থেকে বাদ পড়ার পর সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে ভারতীয় দলের বোলিং কোচ মর্নে মরকেল জানিয়েছেন, কুলদীপ যদি সুস্থ থাকতেন তাহলে হয়তো জাতীয় দলেই খেলতেন এখন। ভারতীয় দলের বোলিং কোচের কথায়, “না, এটা আমার সিদ্ধান্ত নয়। প্রথম টেস্টে তাঁকে কিছু নির্দিষ্ট ভূমিকা পালন করতে হয়েছিল, যা অন্তত আমাদের জন্য বেশ কঠিন ছিল। আমার মনে হয়, দ্বিতীয় টেস্টে দল নির্বাচনের আলোচনায় ওর নাম অবশ্যই থাকতো।”

ভারতীয় দলের বোলিং কোচ মরকেলের বক্তব্য থেকে একটা বিষয় খুব পরিষ্কার, তিনি নিজে মনে করেন না যে কুলদীপ যাদব তাঁর পারফরমেন্সের জন্য টিম ইন্ডিয়া থেকে আপাতত বাদ পড়েছেন। বরং শারীরিক অসুস্থতার কারণে ভারতীয় তারকা আপাতত বাইরে রয়েছেন বলেই মত তাঁর। যে কথা না বললেই নয়, আজ পর্যন্ত বহুবার আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ সময়ে ভারতীয় দলকে বল হাতে বাঁচিয়েছেন কুলদীপ। সেই অতীত মনে থাকবে কমবেশি সকলেরই।

আরও পড়ুন: ভারতের লজ্জার কারণ হলেন রবীন্দ্র জাদেজা, এত ভুল করেননি কোনও স্পিনার

উল্লেখ্য, প্রথম টেস্টে এক উইকেট তোলার পর দ্বিতীয় টেস্ট থেকে কুলদীপ যাদব বাদ পড়ায়, তাঁর জায়গায় একাদশে সুযোগ পেয়েছিলেন সারাংশ। আর সুযোগ পেতেই নিজেকে মেলে ধরেন তিনি। এই ভারতীয় ক্রিকেটার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুটি এবং দ্বিতীয় ইনিংস এখনও পর্যন্ত একটি উইকেট তুলেছেন।