গ্যাসের আস্তরণে জ্বলল আগুন, অশোকনগর থেকে তেল উত্তোলন সময়ের অপেক্ষা

Published:

Ashoknagar ONGC

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষা এবার শেষ হতে চলেছে। উত্তর 24 পরগনার (North 24 Parganas Oilfield) অশোকনগরের বাইগাছি ONGC কেন্দ্রের তিনটি কূপ খুঁড়ে তিনটিতেই মিলল বিপুল  অপরিশোধিত তেলের সন্ধান (Ashoknagar oilfield)। আর তারপরেই খনিজ তেলের উপরের স্তরে থাকা গ্যাসের আস্তরন জ্বালানোর কাজ শুরু হয়েছে। আর সেই আগুনের শিখাই আশার আলো জোগাচ্ছে অনেকের মনে (ONGC Ashoknagar Project)। আর যাই হোক, অশোকনগরের এই তেল কেন্দ্র থেকে অপরিশোধিত তেল উত্তোলন করে তা শোধনাগারে নিয়ে যাওয়ার জন্য অশোকনগরের পরিবহন ক্ষেত্রে উন্নতির জোয়ার আসবে সে কথা বলাই যায়।

তেল উত্তোলনের আশায় অশোকনগরবাসী

অশোকনগরের বাইগাছি কেন্দ্রে তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছিল অনেক আগেই। তবে পূর্বতন সরকারের আমলে তেল উত্তোলনের আগের পর্বের যাবতীয় কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে কিছু সমস্যা তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। কিন্তু পালাবদলের পর অশোকনগরের কেন্দ্রে প্রস্তুতিমূলক কাজ শুরু হয়। কেন্দ্রটিতে বাড়ে কর্মীদের আনাগোনা। ONGC কেন্দ্রটিতে ধাপে ধাপে কাজ শুরু হওয়ায় বদলাতে শুরু করেছে পরিস্থিতি।

বলাই বাহুল্য, অশোকনগরের তেলক্ষেত্র থেকে তেল উত্তোলন নিয়ে আশার আলো দেখিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথেও বৈঠক করেছিলেন তিনি। আর তারপরেই বিজেপি নেতা জানান, জুলাই মাসের শেষের দিকে অশোকনগরের এই তেল কেন্দ্র থেকে তেল উত্তোলনের কাজ শুরু হলেও হতে পারে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই কাজ শুরু না হলে ফের অশোকনগরের কেন্দ্রে আগুন জ্বলে ওঠায় এবার হয়তো ধাপে ধাপে খুব শীঘ্রই শুরু হবে তেল উত্তোলনের কাজ। সেই আশাতেই দিন গুনছেন অশোকনগরের বাসিন্দারা।

আরও পড়ুন: বউ অন্নপূর্ণা যোজনার টাকা পেলেও বিক্ষোভে সামিল স্বামী! আসানসোলে তুলকালাম

প্রসঙ্গত, ONGC এর বিশেষ প্রকল্পে কর্মরত এক কর্মকর্তা জানিয়েছেন, অশোকনগরের বাইগাছি তেলক্ষেত্রর তিনটি কূপে তেলের সন্ধান মিলেছে। তবে এই মুহূর্তে তেলের উপরের স্তরে থাকা প্রাকৃতিক গ্যাস মাটির নিচ থেকে বেরিয়ে আসার কারণে সেটা জ্বালানো হচ্ছে। মূলত পরীক্ষার উদ্দেশ্যে এই কাজ করছেন তাঁরা। যদিও এ প্রসঙ্গে ONGC কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে কিছু সূত্র বলছে, সব ঠিকঠাক থাকলে আগস্টের শেষের দিকেই বাইগাছির ওই কেন্দ্র থেকে শুরু হতে পারে তেল উত্তোলন।