অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর: বর্ষা মানেই ‘রূপোলি শস্যের’ (Ilish) মরশুম। ইলিশপ্রেমীরা তাই সারাবছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। তবে এবছর বর্ষায় শুরু থেকেই সেরকম ইলিশের যোগান নেই। মৎস্যজীবীরা গভীর সমুদ্রে পাড়ি দিয়েও খুব অল্প পরিমাণেই মাছ নিয়ে ফিরতে পেরেছেন। তাই বাজারগুলোতে ভালো ইলিশের আকাল। যেগুলো বিক্রি হচ্ছে, সেগুলো আকারেও ছোট আর দামও খুব একটা কম নয়। তবে এখন এসেছে সুখবর। আবহাওয়ার পরিবর্তন হতেই সমুদ্রে পাড়ি জমিয়েছিল মৎসশিকারীদের ট্রলার। রবিবার সকালে এরকমই একটি ট্রলার দিঘার মোহনায় ভিড়েছে। শোনা যাচ্ছে এতে প্রায় ২.৫ টন ইলিশ রয়েছে। এত পরিমাণ ইলিশ আসায় দিঘার মৎস ব্যবসায়ীদের মধ্যে এখন খুশির ঢল নেমেছে।
দিঘায় এল টন টন ইলিশ
দিঘার স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, আবহাওয়ায় বদল আসতেই সমুদ্রে পাড়ি দিয়েছিল একাধিক ট্রলার। আর এবার প্রত্যাশামতোই প্রচুর ইলিশ জালে উঠেছে। বিভিন্ন ওজনের ইলিশই ধরা পড়েছে। এর মধ্যে ৩০০ থেকে ৯০০ গ্রামের মাছগুলি পাইকারি বাজারে ৪০০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এক কেজির বেশি ওজনের ইলিশগুলির দাম রয়েছে ১৩০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে।
আরও পড়ুন: মহিলাদের বাস ফ্রির পর এবার আরেকটি বন্দোবস্ত করছে রাজ্য সরকার
এক মাছশিকারী ট্রলারের মালিক জানান, মোট দুটি ট্রলার সম্প্রতি সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। তার মধ্যে একটা একটি ইতিমধ্যেই মোহনায় ফিরে এসেছে। এতে প্রায় ২ থেকে ২.৫ টন ওজনের ইলিশ মাছ রয়েছে বলে অনুমান করা হচ্ছে। দিঘার পাইকারি বাজারে এগুলি ওজনের ওপর ভিত্তি করে নূন্যতম ৩০০ টাকা থেকে প্রায় ২০০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। ওই ট্রলার মালিক জানান, অনেকদিন পর আবার ইলিশ মাছ ধরা পড়লো জালে।
আরও পড়ুন: বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন ইলিশের আচার, স্বাদ হবে অতুলনীয়
প্রসঙ্গত, রাজ্যের বাজারগুলিতে এতদিন সেভাবে ইলিশের দেখাই মিলছিল না। চাহিদার তুলনায় যোগান খুবই সামান্য ছিল। যেটুকু মিলছিল, তারও দাম মধ্যবিত্তের পকেটে টান ফেলার জন্য যথেষ্ট। তবে এবার দিঘার মোহনায় বিপুল পরিমাণে ইলিশ ভর্তি ট্রলার আসার খবর পেয়েই ইলিশপ্রেমী বাঙালিদের মুখে হাসি ফুটেছে। এখন তারা দাম কমার আশায় অপেক্ষায় করছেন।










