অপেক্ষা শেষ! অশোকনগর কেন্দ্র থেকে শুরু হল তেল উত্তোলন, প্রতিদিন উঠবে ২০ হাজার লিটার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে মিটল অপেক্ষা। উত্তর 24 পরগনার (North 24 Parganas) অশোকনগরের বাইগাছি তেলক্ষেত্র (Ashoknagar Oilfield) থেকে বাণিজ্যিকভাবে অপরিশোধিত তেল উত্তোলন শুরু হয়ে গেল। জানা যাচ্ছে, মাটির প্রায় 2396 মিটার গভীরে অংশ থেকে তোলা হচ্ছে এই অপরিশোধিত খনিজ তেল (West Bengal Oilfield)। পরবর্তীতে এই অপরিশোধিত তেল ট্যাঙ্কারের মাধ্যমে পৌঁছে যাবে শোধনাগারে। আপাতত অশোকনগরের ওই কেন্দ্র থেকে প্রতিদিন 20 হাজার লিটার তেল উত্তোলন করবে ONGC।

মানচিত্রে বড় জায়গা পাচ্ছে বাংলা

বহু আগেই অশোকনগরের বাইগাছিতে মিলেছিল অপরিশোধিত তেল এবং গ্যাসের সন্ধান। পরবর্তীতে 2020 সালে পরীক্ষামূলকভাবে কূপ খনন করে সেই কূপে 375 ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া যায়। আর তারপর থেকেই ওই প্রকল্প বাস্তবায়নের জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এর মাঝে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সাথেও  বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। সেই মতোই, শুক্রবার বাণিজ্যিকভাবে অশোকনগর তেলক্ষেত্র থেকে শুরু হল তেল উত্তোলন। আর এর জেরেই দেশের মানচিত্রে বড় জায়গা পেতে চলেছে বাংলা।

এদিন, অশোকনগরের ওই তেল কেন্দ্রে অপরিশোধিত খনিজ তেল উত্তোলনের সূচনা করেন ONGC এর ডিরেক্টর ওপি সিনহা এবং অশোকনগরের বিধায়ক ডক্টর সুময় হীরা।ONGC এর তরফে জানানো হয়েছে, অশোকনগরের ওই কেন্দ্রে মোট ছয়টি কূপ খনন করা হয়েছিল। তার মধ্যে দুটি কূপে প্রাকৃতিক গ্যাস এবং বাকি চারটিতে অপরিশোধিত তেল পাওয়া গিয়েছে। এবার সেই তেলই ধাপে ধাপে উত্তোলন করে শোধনাগারে পাঠানো হবে। আপাতত যা খবর, প্রতিদিন এই কেন্দ্র থেকে 20 হাজার লিটার তেল তুলবে ONGC।

 

আরও পড়ুন: “গোটা লাইব্রেরি বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখি!” বই ‘চুরি’ অপবাদে হুঙ্কার মমতার

প্রসঙ্গত, ONGC কর্তা জানিয়েছেন, এই মুহূর্তে ভারতকে নানান দেশ থেকে তেল কিনতে হচ্ছে। তবে আগামী দিনে দেশের মাটিতে থেকে তেল উত্তোলন করা গেলে বাইরের দেশগুলির উপর নির্ভরতা অনেকটাই কমবে। বর্তমানে যে কাঁচা তেল উত্তোলন করা হচ্ছে তাতে জল আছে। সেই জল থেকে তেলকে আলাদা ভাবে রিফাইন করে অন্যত্র পাঠানোর কাজ শুরু হবে। অশোকনগরের পাশাপাশি দেশের অন্যান্য জায়গাগুলিতে অপরিশোধিত তেল এবং গ্যাসের ভান্ডার রয়েছে কিনা সেসবও খতিয়ে দেখা হবে।