বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে ফের ঝড় তুলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। একটা দীর্ঘ সময় কাটিয়ে ওয়ানডে ক্রিকেটে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন তিনি। 139 রানে নট আউট থেকে দলকে জিতিয়েছেন বিরাট। কোহলির গতকালের সেই ম্যাচজয়ী ইনিংস দেখে অতীতে ফিরে গিয়েছেন বহু প্রাক্তন ক্রিকেটার। অনেকেই কোহলির এমন ইনিংস দেখে বলছেন, তাঁর এখনই অবসর নেওয়া ঠিক হবে না। বিরাট প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও (Ravichandran Ashwin)।
বিরাট কোহলিকে নিয়ে বড় মন্তব্য অশ্বিনের
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় কোহলি জানিয়ে দিয়েছেন, 2027 ওয়ানডে বিশ্বকাপেই শেষবারের মতো ভারতের জার্সিতে খেলবেন তিনি। অর্থাৎ ওয়ানডে বিশ্বকাপ শেষ হলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন বিরাট। তবে তার আগে যতগুলি ম্যাচ খেলবেন ওয়ানডেতে নিজেকে নিংড়ে দেবেন বলেই পণ করেছেন ভারতীয় মহাতারকা। যার একটা ঝলক দেখা গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতেই।
এদিন, ক্যারিবিয়ান বোলারদের পিটিয়ে 139 রানের অপরাজিত ইনিংস খেলার সাথে সাথে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন বিরাট। এবার সেই কোহলি প্রসঙ্গেই বড় মন্তব্য করে বসলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রতি অশ্বিনকে প্রশ্ন করা হয়েছিল, “তুমি কি মনে করো বিরাট কোহলি নিজের 100টি আন্তর্জাতিক সেঞ্চুরি সম্পূর্ণ করতে পারবেন?”
আরও পড়ুন: ইউরেনিয়াম পাঠাতে ব্যর্থ রাশিয়া, বাংলাদেশের বিমানকে আকাশসীমায় ঢুকতেই দিল না পাকিস্তান
কোহলিকে নিয়ে এমন প্রশ্নের উত্তরে রবিচন্দ্রন অশ্বিন একেবারে খোলাখুলি বলেন, “বিরাট কোহলি যদি 100টি আন্তর্জাতিক শতরান করতে পারেন, তাহলে আমি তাঁকে কুর্নিশ জানাবো। কেরিয়ারের এমন পর্যায়ে দাঁড়িয়ে এই কৃতিত্ব সত্যিই অসাধারণ হবে। বিরাট নিজেই বলেছে, 2027 বিশ্বকাপ পর্যন্ত তাঁর হাতে আর এক বছর সময় রয়েছে। যদি সে এই কাজ করে ফেলতে পারে তবে আমি মেনে নেব বিরাট কোহলি আর সচিন তেন্ডুলকর একই স্তরের খেলোয়াড়। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি সত্যিই চাই নিজের ব্যাট তুলে রাখার আগে বিরাট এই রেকর্ড গড়ুক।”










