কালীঘাট তৃণমূলকে ঝটকা, সিজেপির আন্দোলনের ডাক…! আজকের সেরা ১০ খবর (৭ সেপ্টেম্বর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৭ সেপ্টেম্বর, সোমবার। কালীঘাট তৃণমূলকে ঝটকা, সিজেপির আন্দোলনের ডাক, আয়ুষ্মান ভারত প্রকল্প, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) সরকারি বিজ্ঞাপনে মা দুর্গার ১১টি হাত

সোমবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞাপন পেশ করা হয়েছে, যেখানে মা দুর্গার ১০টির জায়গায় ১১টি হাত দেখানো হচ্ছে। এমনকি সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে। এই ইস্যুতে এবার তৃণমূল ও সিপিএম সরব হয়েছে। সিপিএম নেতা শতরূপ ঘোষ লেখেন, একটি চমৎকার সরকারি বিজ্ঞাপন। এখানে মা দুর্গার এগারোটা হাত। দেবতাদের পক্ষ থেকে দুর্গাকে দশ হাতে অস্ত্র দেওয়া হয়েছিল অসুর বধের জন্য। কিন্তু বিজেপি সরকার এক্সট্রা একটা হাত দিয়েছে। পাশাপাশি কুণাল ঘোষও কটাক্ষ করেন রাজ্য সরকারকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) আয়ুষ্মান ভারত প্রকল্পে মাইলফলক অর্জন করল রাজ্য সরকার

আয়ুষ্মান ভারত প্রকল্পে এবার রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ সরকার। ১৬ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছিল আয়ুষ্মান ভারত কার্ড বিতরণের কাজ। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাংলার অন্তত ৬ কোটি পরিবারকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এমনকি এই প্রকল্পের আওতায় যারা থাকবেন না তাদেরকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে। তবে নবান্ন থেকে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, এই মুহূর্তে রাজ্যের ৩ কোটি ২৩ লক্ষ মানুষ আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য কার্ড পেয়েছেন। এ ছাড়া আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত ৩১ হাজার ৫৪১ জন মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) মহুয়া মৈত্রকে বড় স্বস্তি দিল হাইকোর্ট

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এমনকি হাইকোর্টের তরফে এই মামলায় কৃষ্ণনগর আদালতের জারি করা নির্দেশগুলি বাতিল করা হয়েছে। ফলে আপাতত স্বস্তি পেয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। আজ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি আর্যক দত্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেটি বিধাননগর এমপি-এমএলএ বিশেষ আদালতে স্থানান্তরিত করা হয়। আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপমানজনক মন্তব্যের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তা নিয়েই করা হয় মামলা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) দিনহাটায় পথ অবরোধ স্কুল পড়ুয়াদের

বিদ্যালয়ের পঠন-পাঠন সম্পূর্ণ বয়কট করে আন্দোলনে নামল দিনহাটার পড়ুয়া ও অভিভাবকের একাংশ। মিথ্যা অভিযোগের কারণে প্রিয় শিক্ষককে জেলে আটক রাখায় আজ ক্লাস বয়কট করার পর বিদ্যালয়ের সামনে দিনহাটা ২ নম্বর ব্লকের মহাকাল হাট এলাকায় পথ অবরোধ করতে দেখা যায় তাদেরকে। জানা যাচ্ছে, গত ২৬ আগস্ট কোচবিহারের দিনহাটা-সাহেবগঞ্জ থানায় মহাকাল হাট উচ্চ বিদ্যালয়ে পাঠরত সপ্তম শ্রেণির ছাত্রীর অভিভাবক শিক্ষক সম্রাট বর্মনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ করেছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) ফের বাঁকুড়ায় আন্দোলনের ডাক সিজেপির

এবার বাঁকুড়াজুড়ে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি। দিল্লির আন্দোলনে যোগ দিয়েছিল বাঁকুড়ার ছেলে শেখ আব্দুল হাফিজ। এমনকি ইন্দাসে একটি স্কুল সংস্কারের দাবি জানালে বিজেপি কর্মীদের হাতে তাঁর বাবা শেখ মাফিকের মৃত্যু হয় বলেই অভিযোগ। তবে সেই ইস্যুতে মাফিকের নামে বাঁকুড়ায় একটি আধুনিক স্কুল গড়ার দাবি জানিয়েছিলেন হাফিজ। তবে সরকার সেই দাবি না মানলে মঙ্গলবার বাঁকুড়া জেলা শাসকের দফতর ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দিয়ে পোস্ট করেছেন আব্দুল হাফিজ। তবে বাঁকুড়া পুলিশ এ বিষয়ে সক্রিয় হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর মন্তব্যে বিতর্ক

এবার ক্যামেরায় বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষিয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। বাংলাদেশে তাঁর কাটানো মুহূর্তের ব্যাখ্যা করতে গিয়ে প্রশংসা করে তিনি বলেছেন যে, বাংলাদেশের গরুর মাংস এবং ইলিশ তাঁর প্রিয়। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, বাংলাদেশে আসলে মন ভালো হয়ে যায়। আসলে ভারত এবং বাংলাদেশ দুটোই তো একই দেশ। কিন্তু রাজনীতিবিদরা কিছু কারণে এই ভূভাগ দুটি দেশে রূপান্তরিত করেছে। তিনি আরও জানান, খাবার বলতে গরুর মাংস আর ইলিশ মাছ সবচেয়ে প্রিয়। গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের তেল দিয়ে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) বার্ধক্য, বিধবা ভাতা বেড়ে হল ১৫০০

আগের সরকারের আমলে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা বাবদ মিলত ১০০০ টাকা। তবে রাজ্যে সরকারের পালাবদলের পরই ৫০০ টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়। এখন তারা পাবেন ১৫০০ করে। আজ নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে সেই বর্ধিত হাড়ে বার্ধক্য এবং বিধবা ভাতার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সামাজিক সুরক্ষা ভাতার আওতায় মোট ৮৮ লক্ষ ৫ হাজার যোগ্য উপভোক্তা রয়েছেন বলে খবর। এমনকি এ মাসে মোট ১৪৭০ কোটি ৫৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, এবং আগামীদিন এই ভাতা ২০০০ টাকা করা হবে বলে জানা গিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) তারাপীঠ মন্দিরে VIP কুপনের নিয়মে বড় বদল

রাজ্যে পালাবদলের পর তারাপীঠ মন্দিরের নিয়মে আসল বড় বদল। এখন থেকে আর কাগজে কাটা যাবে না ভিআইপি কুপন। তীর্থযাত্রীদের সুবিধার্থে এবার বাড়িতে বসে মন্দিরের টিকিট স্ক্যান করে ডিজিটাল ভিআইপি টিকিট সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে। আসলে কৌশিকী অমাবস্যা উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। বরাবর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পুজো দিতে হয় সাধারণ মানুষকে। এছাড়া ৫০০ টাকা দিয়ে বিশেষ লাইনে পূজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, এবং আরও ছিল ভিআইপি পুজো দেওয়ার ব্যবস্থা। তবে পালাবদলের পরপরই বদলে গেল নিয়ম। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) তৃণমূল সাংসদের সংবাদপত্রের অফিসে ইডির অভিযান

সাতসকালে কলকাতায় ইডির অভিযান। এবার নাদিমুল হকের অফিসে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। জানা গেছে, এদিন পার্ক সার্কাসে আখবার-এ-মাশরিক নামে একটি উর্দু পত্রিকার অফিসে অভিযান চালিয়েছে ইডি। কেন্দ্রীয় বাহিনীর দ্বারা ঘিরে ফেলা হয়েছিল গোটা এলাকাটি। এমনকি আধিকারিকরা অফিসের প্রধান দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন, যাতে কেউ ঢুকতে না পারে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা নাদিমুল হক, যিনি ২০১২ সাল থেকেই রাজ্যসভায় সাংসদ পদে রয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) বিলবোর্ড কাণ্ডে সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেল কালীঘাট তৃণমূল

বিলবোর্ড কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। তৃণমূলের আবেদন ফিরিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। এদিন মামলায় হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। এমনকি এর আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হলে সেখানে বিচারপতি জানিয়েছিলেন, যেহেতু ইতিমধ্যেই বিলবোর্ড খোলা হয়েছে, তাই এই মামলায় হস্তক্ষেপ করা সম্ভব নয়। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। প্রাথমিক পর্যায়ে ওই মামলা আবারও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন