উপনির্বাচনে গেরুয়া ঝড়, শক্তিশালী ভারতীয় রুপি…! আজকের সেরা ১০ খবর (৯ অক্টোবর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৯ অক্টোবর, শুক্রবার। উপনির্বাচনে গেরুয়া উল্লাস, শক্তিশালী ভারতীয় রুপি, খারিজ শোভনদেবের আবেদন, ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বাড়াল রাজ্য সরকার

দিন কয়েক আগেই সিউড়ির পার্টি অফিসে ঢুকে অনুব্রত মণ্ডলের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। এমনকি তাঁর সামনেই জানালার কাঁচ, দরজা, চেয়ার, টেবিল সবকিছুই ভেঙে ফেলা হয়। তবে সেই ঘটনার পর এবার রাজ্য সরকারের তরফ থেকে বাড়ানো হল অনুব্রত মণ্ডলের নিরাপত্তা। শুক্রবার সশস্ত্র এক দেহরক্ষী পেয়েছেন অনুব্রত মণ্ডল। এ বিষয়ে অনুব্রত বলেন যে, আজ সকাল থেকে একজনকে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি বেসরকারি দুজন নিরাপত্তা দেহরক্ষী রয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) পুজোর আগেই রাস্তা মেরামতে আসছে নয়া অ্যাপ

দুর্গাপুজার আগেই রাস্তা মেরামতে তৎপর রাজ্য সরকার। কাজে স্বচ্ছতা বজায় রাখতে চালু করা হচ্ছে বিশেষ পোর্টাল পথ নির্মাণ। সাধারণ মানুষের স্বার্থে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কোন পুরসভায় কোথায়, কত রাস্তার কাজ হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, কোন সংস্থা কাজের বরাত পেয়েছে, সব তথ্য পাওয়া যাবে একই পোর্টালে। এমনকি প্রতিটি কাজের ছবি আপলোড করতে হবে। সাধারণ মানুষের যদি কোনও অভিযোগ থাকে, তাহলে সরাসরি প্রশাসনের কাছে তা জানানো যাবে। ১০ থেকে ১২ অক্টোবরের মধ্যেই অ্যাপ এবং ওয়েব পোর্টালের যাবতীয় কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্য নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) উপনির্বাচনে বিরাট জয় বিজেপির

নন্দীগ্রামে ঐতিহাসিক জয় বিজেপির প্রার্থী হাসিরানি রথের। অন্যদিকে রেজিনগরেও জয়লাভ করেছেন বিজেপির প্রার্থী শাখারভ সরকার। উৎসবে মেতেছেন বিজেপির কর্মী-সমর্থকরা। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী ১ লক্ষ ৪৩ হাজার ৬৫৬ ভোটে রেকর্ড জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের প্রার্থী মিলন প্রধান। তৃতীয় স্থানে রয়েছেন সিপিআইএম প্রার্থী। অন্যদিকে রেজিনগরে বিজেপির প্রার্থী শাখারভ সরকার ৭২ হাজার ৪৭২ ভোটে জয়লাভ করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) পুজো কমিটিকে অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

তৃণমূলের আমলে দুর্গাপুজো কমিটিগুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হলেও নতুন সরকার ১০,০০০ টাকা কমিয়ে তা ১ লক্ষ করেছে। তবে সেই পুজোর অনুদান নিয়ে এবার হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সরকারের ট্যাক্সের টাকায় কেন পুজো কমিটিগুলোকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী। তিনি জানিয়েছেন, নতুন সরকার ক্ষমতায় আসার পরেও জনগণের করের টাকায় এভাবে পুজো কমিটিগুলোকে অনুদান বিলানো হচ্ছে। পুজোর অনুদান সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার আদালতের আগের নির্দেশ মানেনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) দুর্ঘটনার কবলে BSF-র বাস

বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল বিএসএফ জওয়ানরা। অসমের বারপেটা জেলায় ২৭ নম্বর জাতীয় সড়কে বিএসএফ জওয়ানভর্তি একটি বাসে ধাক্কা মারে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ৩২ জন বিএসএফ জওয়ান। এমনকি তাঁদের মধ্যে ১৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় একজনের। ভোটের কাজের জন্যই অসমের বারপেটায় গিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। তবে সেই সময়ই ঘটে দুর্ঘটনা। আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) মহালয়ার দিন একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল

রাত পেরোলেই মহালয়া। তবে সেই মহালয়া উপলক্ষে ১০ অক্টোবর শনিবার ভোরবেলা থেকে বহু সংখ্যক পুণ্যার্থী গঙ্গা নদীতে স্নান করতে আসেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডেপুটি কমিশনার অফ পুলিশ, বন্দর বিভাগ কলকাতা শনিবার ভোর চারটে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চক্র রেলওয়ে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেই সূত্রে বেশ কিছু ট্রেন টালা পর্যন্ত সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। অন্যদিকে টালা থেকে আবার সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে কিছু ট্রেন। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে তালিকা দিয়েছে পূর্ব রেল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) বিকাশরঞ্জনের বিরুদ্ধে দায়ের জোড়া মামলা

বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় গতকাল তিনি হিন্দুত্ববাদী গুন্ডাদের দায়ী করেন। তবে সেই কারণে এবার তাঁর বিরুদ্ধে দায়ের হল জোড়া মামলা, এবং তাঁর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ফেসবুকে লিখেছিলেন, আজ সকাল পাঁচটা নাগাদ হিন্দুত্ববাদী গুন্ডারা হামলা চালাল আমার বাড়িতে। মোটরবাইকে করে এসে মদের বোতল ছুঁড়ে জানলার কাঁচ ভেঙে পালিয়ে গিয়েছে। অল্পের জন্য আমার কাজের সহায়িকা বেঁচে গেছে। যদিও ওই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে বৃহস্পতিবারই বিকাশের বিরুদ্ধে জোড়া অভিযোগ দায়ের হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি

ভারতীয় রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপের জেরে অবশেষে ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল রুপি। রেকর্ড ৯৭-এর স্তরে গিয়ে ঠেকেছিল টাকা। বৈশ্বিক অর্থনৈতিক বাজারের অস্থিরতা এবং দিনের পর দিন অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতির জেরে লাগামছাড়া কমছিল টাকার দাম। তবে আজ দিনের শুরুতেই ডলারের বিপরীতে ২৩ পয়সা বেড়ে ৯৬.৬৫ টাকায় দাঁড়িয়েছে রুপি। বৃহস্পতিবার আবার মার্কিন ডলারের বিপরীতে রুপির দর ১৩ পয়সা কমে দাঁড়ায় ৯৬.৮৮-তে। তবে আরবিআই রেপো রেট বাড়ানোর জেরেই ভারতীয় টাকা শক্তি ফিরে পেয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) মহার্ঘ্য হল বিমান ভাড়া

এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তেলের সারচার্জ বাড়ানোর সিদ্ধান্ত নিল। নতুন রেট আজ অর্থাৎ ৯ অক্টোবর থেকেই কার্যকর হবে। এই বৃদ্ধির ফলে ডোমেস্টিক এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধি পাবে। যে সমস্ত যাত্রী ৯ অক্টোবর বা তার পরে ফ্লাইট বুক করবেন, তাদের আগের চেয়ে বেশি ফুয়েল সারচার্জ গুনতে হবে। সংস্থাগুলি জানিয়েছে, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্ব জ্বালানি বাজারের চাপের কারণে সাম্প্রতিক মাসগুলোতে এটিএফ-র দাম উল্লেখযোগ্য হারে ওঠানামা করছে। সেই কারণেই এই চার্জ বাড়ানোর সিদ্ধান্ত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) স্পিকারের নির্দেশে খারিজ শোভনদেবের আবেদন

স্বস্তি পেল ঋতব্রত শিবির। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়সহ মোট ১০ জন দলত্যাগী বিধায়কের পদ বাতিলের আর্জি জানিয়ে স্পিকারের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তবে বৃহস্পতিবার গভীর রাতে রথীন্দ্র বসু প্রক্রিয়াগত ত্রুটির কারণে সেই আবেদন খারিজ করে দিয়ে জানিয়ে দিলেন, আবেদনকারীকে আইন এবং নির্ধারিত বিধি মেনে নতুন করে পিটিশন দাখিল করার সুযোগ দেওয়া হচ্ছে। স্পিকার জানান, সংশ্লিষ্ট আইনের ৭(২) ধারা অনুযায়ী শোভনদেবের আবেদনটি নিয়ম মেনে জমা পড়েনি। সংযুক্ত নথিতে শুধুমাত্র স্বাক্ষর থাকলেই আইনের শর্ত পূরণ হয় না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

google button