সহেলি মিত্র, কলকাতাঃ একের পর এক ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা বদলে দিয়েছে বাংলার আবহাওয়া (Weather Today)। প্রায় রোজই দুর্যোগ চলছে সর্বত্র বলে খবর। ঝড় বৃষ্টি মিলিয়ে বাংলার আবহাওয়া এই মে মাসেও আরও মনোরম হয়ে উঠেছে। আপাতত নেই কোনও তাপপ্রবাহ, লু-এর সতর্কতা। আজ বুধবার এবং আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তাল থাকবে সমুদ্রও।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ বুধবার সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন তুমুল ঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
মধ্যপ্রদেশের মধ্যঞ্চলের ওপর অবস্থানরত ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ মধ্যপ্রদেশের মধ্যাঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই ঘুর্ণাবর্তটি থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে যা উত্তর ছত্তিশগড়, দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে সমুদ্রপ্রিস্থ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। জানা গিয়েছে, আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট বলে খবর।
আগামীকালের আবহাওয়া
বৃহস্পতিবারও বাংলাজুড়ে ঝড় বৃষ্টির দাপট চলবে বলে পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, এদিন হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের কথা বললে, এদিন মাঝারি থেকে বিক্ষিপ্ত ঝড় জলের সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বইবে ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া।










