তৃণমূলের গুন্ডা খুন, ট্রলার ডুবে মৃত্যু…! আজকের সেরা ১০ খবর (১৩ জুলাই)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৩ জুলাই, সোমবার। তৃণমূলের গুন্ডা খুন, ট্রলার ডুবে মৃত্যু, লাহেক আলী গ্রেফতার, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) তারকেশ্বর থেকে ৫টি নতুন রুটে চালু সরকারি বাস

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার পাঁচটি সরকারি বাস চালু করা হল। তারকেশ্বর থেকে মহাদেব এক্সপ্রেসের মাধ্যমে হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, দীঘা এবং কলকাতা পর্যন্ত এই সরকারি বাসগুলি চলবে। এমনকি মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি পরিষেবা চালু করা হয়েছে। তারকেশ্বর থেকে দীঘা যাওয়ার পথে বাসটি চাপাডাঙ্গা, পরশুরা, মায়াপুর ইত্যাদি জায়গায় থামবে। অন্যদিকে তারকেশ্বর থেকে বাঁকুড়া যাওয়ার সময় পরশুরা, চাপাডাঙ্গা, গোঘাট, কামারপুকুর ইত্যাদি জায়গায় থামবে। এমনকি প্রত্যেকটা রুটের স্টপেজ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) ২০২৭-র মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ

প্রকাশিত হল মাধ্যমিক ২০২৭ পরীক্ষার রুটিন। জানা গিয়েছে, আগামী বছর ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা শেষ হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে বাংলা পরীক্ষা হবে ১৫ ফেব্রুয়ারি, ইংরেজি পরীক্ষা ১৬, ইতিহাস পরীক্ষা ১,৮ ভূগোল পরীক্ষা ১৯ তারিখে। এছাড়া প্রত্যেকটি পরীক্ষার জন্য দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা শুরু হবে সকাল ১০:৪৫ থেকে এবং পরীক্ষা চলবে দুপুর দুটো পর্যন্ত। তাছাড়া ঐচ্ছিক বিষয় সংক্রান্ত একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) বন্ধ চা বাগান খোলার নির্দেশ অর্জুন সিংয়ের

জুট মিলের পাশাপাশি এবার উত্তরবঙ্গের চা শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিরাট পদক্ষেপ অর্জুন সিং এর। শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া পিএফ এবং গ্র্যাচুইটির টাকা মেটানোর জন্য বাগান মালিকদের এক মাসের সময়সীমা দিয়েছেন তিনি। তিনি স্পষ্ট জানিয়েছেন, বন্ধ এবং অচল অবস্থায় সব মিলিয়ে ৩২টির মতো বাগান রয়েছে। সবগুলোই আগামী এক মাসের মধ্যে খুলতে হবে। আর যদি নির্দেশ অমান্য করা হয় তাহলে মালিকপক্ষের বিরুদ্ধে এফআইআর করা হবে। এমনকি জেলে পর্যন্ত যেতে হতে পারে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) ৬০টি ঐতিহ্যশালী রথযাত্রা কমিটিকে ৫ লাখ দেওয়ার ঘোষণা

১০০ থেকে ১৫০ বছর পুরনো রথযাত্রা কমিটিগুলোকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছিল নবান্ন। সেই সূত্রে এবার ৬০টি কমিটিকে আর্থিক অনুদান দেবে সরকার, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিজেই বলেছেন, দশকের পর দশক ধরে অনুষ্ঠান হয় এরকম ৬০টি কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেব সোমবার। পাশাপাশি প্রথম বছর কমিটির তালিকা তৈরি করায় যদি ত্রুটি হয়, তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি রাজ্যের যোগ্য সমস্ত কমিটিকে আর্থিক অনুদান দেওয়া হবে বলেই জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) গুন্ডা দমন আইন নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা

বিধানসভায় আগেই পাস হয়েছিল গুন্ডা দমন আইন, এবং আজ থেকেই তা কার্যকর হয়েছে। তবে এবার শুভেন্দু অধিকারী সরকারের এই নয়া আইনে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে। সিপিআইএম নেতা তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করেছে। এমনকি ভারপ্রাপ্ত বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে। নতুন এই আইনে দুষ্কৃতীদের উচিত শিক্ষা দেওয়ার পাশাপাশি সমাজে অপরাধ কমানো যাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ

এ মাসের শুরুতে পূর্ব মেদিনীপুরের শংকরপুর মৎস্য বন্দর থেকে ১৫ জন মৎস্যজীবীর একটি ট্রলার বঙ্গোপসাগরের মাছ ধরতে বেরিয়েছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেই ট্রলার নিখোঁজ হয়ে যায় এবং ১৫ জন মৎস্যজীবীই ছিল নিখোঁজ। তবে অবশেষে গতকাল কাকদ্বীপের কাছে সেই ট্রলার এফবি মা কালী উদ্ধার হয়। এমনকি সেই ট্রলার থেকে ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। আর বাকি ৬ জন মৎস্যজীবী এখনও পর্যন্ত নিখোঁজ। মৃতদেহ ময়নতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) ডলারের বিপরীতে পতন ভারতীয় রুপির

ডলারের বিপরীতে অনেকটাই পতন হল ভারতীয় মুদ্রার। এদিন ৩৯ পয়সা দুর্বল হয়ে আবার ৯৫.৭৭ তে নেমে গিয়েছে ভারতীয় টাকা। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির পাশাপাশি মধ্যপ্রাচ্যের উত্তেজনা টাকার উপরে চাপ সৃষ্টি করছে বলেই মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কারণ, সম্প্রতি ইরানের পক্ষ থেকে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে, এবং মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আগুন জন্মেছে। পাশাপাশি ব্রেন্ড ক্রুডের দাম আজ ৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) ২১ জুলাই নিয়ে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

২১ জুলাই সভা করার জন্য কালীঘাট তৃণমূলকে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এমনকি সেই চত্বরে ৬০ দিন জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কিন্তু কোন কারণে জমায়াতের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হল তা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল। এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চেয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বুধবার এই মামলার শুনানি হতে পারে। এমনকি এদিন পুলিশের এই ধরনের নির্দেশকে স্বেচ্ছাসারী এবং মৌলিক অধিকারের পরিপন্থী বলেও আদালতে মামলা দায়েরের অনুমতি চেয়েছেন কল্যাণ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) দমদমে গুলিতে ঝাঁঝরা ‘তৃণমূল আশ্রিত’ দুষ্কৃতী রাজা দত্ত

আজ ভোরে উত্তর ২৪ পরগনার দমদম পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের কাছে খুন হয়েছে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। জানা গিয়েছে, এই দুষ্কৃতী তৃণমূলের আশ্রিত গুন্ডা নামেই পরিচিত। এমনকি তৎকালীন সময় বিভিন্ন পার্টি অফিস ভাঙচুর থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচার এবং খুনের ঘটনায় জড়িত। তবে আজ রাস্তার ধারে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। কিন্তু কারা তাঁকে খুন করেছে সে বিষয়ে তথ্য সামনে আসেনি। কিন্তু গুলিতে ঝাঁঝরা হয়েছেন এই অভিযুক্ত। পাশাপাশি তাঁর দুই সহকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়, যার মধ্যে একজন মৃত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) বারুইপুর কাণ্ডে গ্রেফতার লাহেক আলী

বারুইপুর কাণ্ডে উস্কানিমূলক মন্তব্য করে এবার পুলিশের হাতে গ্রেফতার হলেন সিপিএমের নেতা লাহেক আলী। গতকাল অর্থাৎ রবিবার রাতে তাঁর বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। সূর্যপুরে অশান্তির ঘটনায় তিনি নাকি ইন্ধন জুগিয়েছিলেন বলেই খবর। আজ তাঁকে মহাকুমা আদালতে পেশ করা হয়েছে। এমনকি ডিমের হামলা থেকে বাঁচার জন্য মাথায় হেলমেট পরানো হয়েছে। আসলে গত ৫ জুলাই বারুইপুরে নাবালিকা গণধর্ষণ খুনের ঘটনায় বিজেপির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন এই লাহেক আলী। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন