বারুইপুর এনকাউন্টার, তৃণমূল নেতার মেয়েকে মারধর…! আজকের সেরা ১০ খবর (৩০ জুলাই)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ জুলাই, বৃহস্পতিবার। বারুইপুর এনকাউন্টার, তৃণমূল নেতার মেয়েকে মারধর, সরকারি প্রকল্পের নাম বদলের ঘোষণা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) নবান্নের পর গেরুয়াময় হচ্ছে বিকাশ ভবন

রাজ্যে সরকারের পরিবর্তনের পরে নবান্নের রং বদলে গেরুয়া করা হয়। তবে এবার একইভাবে বিকাশ ভবনের নেম প্লেটের রং পরিবর্তন করে গেরুয়া করার তোড়জোড় শুরু হয়েছে। জানা যাচ্ছে, আপাতত বিল্ডিং এর রং নীল-সাদা থাকবে। কিন্তু প্রথম পর্যায়ে শুধুমাত্র ফলকের রং বদলানো হবে। এমনকি আগামী দিন গোটাটাই বদলে ফেলা হতে পারে। আসলে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সবকিছুই নীল-সাদা রং দিয়েই করা হয়েছিল। কিন্তু বিজেপি আসতেই এবার সরকারি বিল্ডিংগুলির রং পরিবর্তন করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) অন্তর্বর্তী সুরক্ষা পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনটি মামলায় অন্তর্বর্তী আইনি সুরক্ষা দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই একাধিক থানায় বিভিন্ন অভিযোগের দায়ের করা হয়েছে এফআইআর। কিন্তু তার মধ্যে আপাতত তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ নেওয়া যাবে না বলেই জানিয়েছে আদালত। তবে মামলায় পরবর্তী শুনানি হবে আগামী ৬ আগস্ট। আসলে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ চেয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর দাবি ছিল, তাঁর বিরুদ্ধে যতগুলি মামলা রয়েছে, সেগুলিতে যেন রক্ষাকবচ দেওয়া হয়। কিন্তু আপাতত তিনটি মামলায় দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) বারুইপুর এনকাউন্টার নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

বারুইপুর গণধর্ষণ কাণ্ডের এনকাউন্টার নিয়ে এবার বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। রাতের অন্ধকারে কেন মূল সাক্ষী প্রভাস মন্ডলকে এনকাউন্টার করা হয়েছে তা নিয়ে মামলা করা হয়েছিল শিলাদিত্য রক্ষীতের তরফ থেকে। সেখানে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, কেন পুলিশের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা ছিল না? তাহলে অভিযুক্ত পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি করার সাহস পেত না। তবে উভয় পক্ষের কথা শুনে বিচারপতি স্পষ্ট জানান, এই বিষয়ে পুলিশ প্রশাসনের বিস্তারিত রিপোর্টের প্রয়োজন রয়েছে। এমনকি হাইকোর্টে বারুইপুর এনকাউন্টারের ঘটনা পুলিশকে সম্পূর্ণ হলফনামা আকারে জমা দিতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) জলপাইগুড়িতে পলাতক তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়েকে গণধোলাই মহিলাদের

রাজ্যে ভরাডুবির পরেই একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা ডিম থেরাপির শিকার হচ্ছে। তবে এবার নতুন করে এমনই ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ি। এই জেলার দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়ে প্রণয়িতাকে থানার সামনে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয় বাসিন্দারা। এমনকি তাঁর মেয়েকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়েছে, এবং চুলের মুঠি ধরে ঘোরাতেও ছাড়ে না বিজেপির কর্মীরা। সবথেকে বড় ব্যাপার, গত সরকারের আমলে একাধিক দুর্নীতিতে নাম জড়িয়ে ছিল এই তৃণমূল নেতার। এমনকি তোলাবাজির অভিযোগ রয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) নদীয়ার নাবালিকা ধর্ষণ ও খুনের বিচার চাইতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

ধর্ষণের পর অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুন করা হয়েছিল নদীয়ার এক নাবালিকাকে। কিন্তু আগের সরকারের আমলে পুলিশ এই ঘটনাকে প্রথমে খুনের ঘটনা বলে স্বীকার করলেও পরে আত্মহত্যা বলে দাবি করেছিল। দু’বছর পেরিয়ে গেলেও সুবিচার মেলেনি। অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার মা। রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের ১৬ অক্টোবর নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি এলাকায় এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খবরের শিরোনামে ওঠে। অভিযোগ ছিল, তরুণীকে ধর্ষণ করে পরে অ্যাসিড ঢেলে খুন করা হয়েছিল। কিন্তু পুলিশ পরে আত্মহত্যা বলে চালায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) বরানগর-ব্যারাকপুর মেট্রো নিয়ে সুখবর

দীর্ঘ ১৬ বছর ধরে বরানগর–ব্যারাকপুর মেট্রো করিডর কেবলমাত্র কাগজে-কলমে সীমাবদ্ধ ছিল। তবে এবার সেই মেট্রো প্রকল্প নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। গত ২৯ জুলাই রেল বিকাশ নিগম লিমিটেড এই করিডর বরাবর দশটি এলিভেটেড মেট্রো স্টেশন এবং একটি এলিভেটেড ভায়াডাক্ট নির্মাণের জন্য সরাসরি ই-টেন্ডার জারি করেছে। রিপোর্ট অনুযায়ী, যে টেন্ডারটি জারি করা হয়েছে তার মূল্য আনুমানিক ১৫৮৭.৩৯ কোটি টাকা। এমনকি দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪২ মাসে ১০টি মেট্রো স্টেশন তৈরি হতে পারে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) আগস্ট থেকেই বাংলায় চালু স্মার্ট রেশন

আগামী আগস্ট মাস থেকেই রাজ্যে শুরু হতে চলেছে স্মার্ট রেশন ব্যবস্থা। অর্থাৎ পুরনো পেপার পদ্ধতিতে আর রেশন দেওয়া হবে না। আগের সরকারের আমলের ব্যবস্থায় একাধিক দুর্নীতির অভিযোগ ঘটেছিল। এমনকি এই দুর্নীতির সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জড়িয়ে পড়েছিল। তবে এবার জানানো হয়েছে, ডিস্ট্রিবিউটরের ঘর থেকে খাদ্য সামগ্রী সরবরাহ, রেশন দোকানে গ্রাহকদের তা দেওয়া, রেশন কার্ড পরিচালনা, সব কিছুই অনলাইনের মাধ্যমে হবে। এমনকি সমস্ত তথ্য কেন্দ্রের কাছে সংরক্ষিত থাকবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) ঢাকায় বাতিল অনুপম রায়ের কনসার্ট

শেষ মুহূর্তে ঢাকায় বাতিল হয়ে গেল অনুপম রায়ের কনসার্ট। সমস্ত সরকারি অনুমোদন এবং প্রস্তুতি সম্পন্ন করার পরেও বাতিলের নির্দেশ দিল বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বুধবার রাতে আয়োজক সংস্থা ট্রিপল টাইমস কমিউনিকেশনের তরফ থেকে জানানো হয়েছে, অনিবার্য কারণ দেখিয়ে মন্ত্রণালয় এই কনসার্টের অনুমতিপত্র দেয়নি। যদিও আয়োজকরা দাবি করছে, এই কনসার্টের জন্য সমস্ত প্রয়োজনীয় সরকারি অনুমোদন এবং আনুষ্ঠানিক রীতিনীতি সম্পন্ন হয়েছে। কিন্তু শেষ মুহূর্তেই তা বাতিল করা হল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) NEET মিছিলে সাংবাদিকদের হামলা নিয়ে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

নিট বিক্ষোভের রেশ এখনও পর্যন্ত কাটেনি। তবে ধর্মতলায় পুলিশ থেকে শুরু করে সাংবাদিকদের উপর যে হামলা করা হয়, তার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আক্রান্ত এক সাংবাদিকের দায়ের করা মামলার শুনানির শুরু হলে অভিযোগের ভিত্তিতে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে। এমনকি আগামী ২৫ আগস্টের মধ্যেই আদালতে সেই রিপোর্ট জমা দিতে হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই ছাত্র আন্দোলন নিয়ে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য থেকে তলব করা হচ্ছে রিপোর্ট। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) সরকারি প্রকল্পের নাম বদলের ঘোষণা

বাংলায় বিজেপি সরকার আসতেই এবার পরিবর্তন করা হল তৃণমূল কংগ্রেসের চালানো দুটি সরকারি প্রকল্পের নাম। আগের সরকারের কন্যাশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে করে রাখা হয়েছে কন্যারত্ন এবং সবুজ সাথী প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয়েছে সারথি। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এ কথা ঘোষণা করেছেন। তিনি জানান, নারী কল্যাণ এবং বাল্যবিবাহ রোধে বিশেষ ভূমিকা পালন করা কন্যাশ্রী প্রকল্পের নতুন নামকরণ করা হচ্ছে কন্যারত্ন। আর স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে যে সাইকেল দেওয়া হত, সেই প্রকল্পের নাম পরিবর্তন করে করা হচ্ছে সারথি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন