বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের মাঝ সমুদ্রে বিপদে ভারতীয় নাবিকরা (Attack On Ship)। এবার ওমানের কাছেই একটি পণ্যবাহী জাহাজে ভয়াবহ হামলা চালালো আমেরিকান সেনা। সূত্রের খবর, ওই সময় জাহাজটিতে উপস্থিত ছিলেন 24 জন ভারতীয় নাবিক। ইতিমধ্যেই সেই খবর নিশ্চিত করেছে ভারতীয় নৌপরিবহন মন্ত্রক।। এদিকে ভারতীয় নাবিকদের জাহাজে অতর্কিত হামলা চালানোর দায় স্বীকার করেছে আমেরিকা।
হঠাৎ কেন ভারতীয় নাবিকদের জাহাজে হামলা চালাল আমেরিকা?
জানা গিয়েছে, ওমান সংলগ্ন অঞ্চলে হরমুজ প্রণালী দিয়ে আসার সময় যে জাহাজটিতে আমেরিকান সেনা হামলা চালিয়েছে তার নাম মারিভেক্স। এই জাহাজটি মূলত মাদাগাস্কারের একটি পতাকাবাহী জাহাজ। সূত্রের খবর, ওই জাহাজটি কর্নাটকের কারওয়ার থেকে ওমানের দুকামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেই সময় ওই জাহাজে উপস্থিত ছিলেন ভারতের 24 জন নাবিক।
গতকাল অর্থাৎ সোমবার দুপুর দেড়টা নাগাদ জাহাজটি যখন ওমানের মাসিরাহ দ্বীপের কাছাকাছি পৌঁছল ঠিক সেই সময় আচমকা ওই জাহাজে হামলা চালায় মার্কিন নৌসেনা। যে ঘটনায় তৎক্ষণাৎ আগুন ধরে যায় গোটা জাহাজে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাহাজটিতে মার্কিন সেনা হামলা চালালে সেটি মাঝ সমুদ্রের উপরেই দাউদাউ করে জ্বলতে থাকে। পরবর্তীতে ওই জাহাজ ডুবে যায়। তবে এই হামলার ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছেন ভারতীয় নাবিকরা। জানা গিয়েছে, প্রত্যেকেই বর্তমানে সুরক্ষিত রয়েছেন।
অবশ্যই পড়ুন: UNESCO-র নামে দুর্গাপুজো নিয়েও ব্যবসা, টিকিট বিক্রি! সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ
প্রতিক্রিয়া জানিয়েছে ভারত
আচমকা ওমান সংলগ্ন জলপথে ভারতীয় নাবিকদের জাহাজে হামলা চালানোর ঘটনায় মুখ খুলেছে ভারত। ভারতের জাহাজ বা নৌপরিবহন মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “যে জাহাজের উপর মার্কিন সেনা হামলা চালিয়েছে সেখানে ভারতের 24 জন নাবিক ছিলেন। যদিও তাঁরা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। আমরা ওমানের ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করছি।” এদিকে আগেই এই হামলার দায় স্বীকার করেছে আমেরিকা। তবে ঠিক কোন কারণে এমন হামলা তা জানা যায়নি।










