সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের জাতীয় সড়কগুলোতে যাতায়াত আরও দ্রুত ও মসৃণ করার জন্য এবার বিরাট ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি (Nitin Gadkari)। তিনি জানিয়েছেন যে, ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যেই দেশের প্রধান হাইওয়েগুলিতে ব্যারিয়ার মুক্ত বা বাধাহীন টোল ব্যবস্থা (Toll System in India) চালু করা হবে। এর ফলে টোল প্লাজায় আর গাড়িগুলিকে দাঁড়াতে হবে না, লম্বা লাইন লাগবে না। সময় এবং জ্বালানি দুই-ই সাশ্রয় হবে।
কীভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা?
আসলে এই নতুন সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং উন্নত ক্যামেরার মাধ্যমে কাজ হবে। মূলত দুটি প্রযুক্তির উপর ভিত্তি করে এটি কাজ করবে। প্রথমত, হাইওয়েতে বসানো হাই-পারফরমেন্স ক্যামেরা গাড়ির নম্বর প্লেট স্ক্যান করবে। এই ক্যামেরার নাম দেওয়া হচ্ছে অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন। আর দ্বিতীয়ত, গাড়ির নম্বর শনাক্ত হওয়ার সাথে সাথে সেটি ফাস্টট্যাগের মাধ্যমে লিঙ্ক টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা কেটে নেবে। চালককে টাকা দেওয়ার জন্য বা রশিদ নেওয়ার জন্য কোথাও গাড়ি থামানোর প্রয়োজন পড়বে না।
তবে হ্যাঁ, যদি কোনও চালক এই ডিজিটাল ব্যবস্থার নিয়ম লঙ্ঘন করে বা অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকা সত্বেও টোলপ্লাজা দিয়ে যাতায়াত করে, তাহলে তার ঠিকানায় সরাসরি ই-নোটিশ পাঠানো হবে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট না করলে ফাস্টট্যাগ অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হতে পারে। এমনকি আইনি জরিমানার মুখে পড়তে হতে পারে।
সম্প্রতি লজিস্টিক্স পাওয়ার সামিট ২০২৬ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নীতিন গড়কড়ি জানিয়েছেন, ভারতের লজিস্টিক খরচ বর্তমানে ১৬ শতাংশ থেকে কমে ১০%-এ নেমে এসেছে। লক্ষ্য হল—একে আরও কমিয়ে সিঙ্গেল ডিজিট অর্থাৎ ৯ শতাংশের নিচে নিয়ে আসা। আমেরিকা, ইউরোপে এই খরচ ১২ শতাংশের আশেপাশে থাকে। আর লজিস্টিক খরচ কমলে পণ্যের দাম অনেকটাই কমবে এবং বিশ্ববাজারে ভারত আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারবে।
আরও পড়ুন: সকাল হলেই চলে যায় কারেন্ট! তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ বাংলাদেশবাসী
মন্ত্রীর আরও সংযোজন, ভারত প্রতিবছর প্রায় ২২ লক্ষ কোটি টাকার খনিজ তেল আমদানি করে থাকে। আর এই বিপুল খরচ কমানোর জন্য ও দূষণ রুখতে সরকার গ্রীন হাইড্রোজেন এবং বায়ো ফুয়েলের উপর বিশেষ নজরদারিও করছে। ভারতের ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন পূরণে উন্নত সড়ক ব্যবস্থা আর বিকল্প জ্বালানি প্রধান অস্ত্র হয়ে দাঁড়াবে।










