৫০ কিমি বেগে ঝড় সহ তুমুল বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণবঙ্গের ৮ জেলায়, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ মে মাসে এত দুর্যোগ আগে কখনও দেখেছেন? অনেকেই বলছেন না। মে মাস মানেই ভ্যাপসা গরম, তাপপ্রবাহ, লু বইবে। কিন্তু এই বছর যেন উলটপুরাণ। মাসের শুরু থেকে মুষলধারে বৃষ্টি, কালবৈশাখীর দাপট চলছে কলকাতা সহ বাংলাজুড়ে। এদিকে আজ শনিবারও কিন্তু দুর্যোগের সম্ভাবনা (Weather Today) রয়েছে বাংলাজুড়ে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। জেলায় জেলায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। শনিবার ভোর থেকেই বাংলার আকাশের মুখ ভার। সেইসঙ্গে শীত শীত ভাব রয়েছে। গরম যেন কর্পূরের মতো উবে গিয়েছে। এখন প্রশ্ন উঠছে, আর কতদিন এরকম আবহাওয়া থাকবে? আজই বা কেমন ঝড় বৃষ্টি হবে বাংলায়? চলুন বিশদে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, এবং পূর্ব মেদিনীপুর জেলায়। জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাদবাকি জেলাগুলিতেও বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া বইবে।

হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ অঞ্চলের উপর ০.৯ কিমি উচ্চতায় একটি উর্ধ্ব বায়ু ঘূর্ণাবর্ত এখনও অবধি একই জায়গায় অবস্থান করছে। দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় হয়ে উত্তর আভ্যন্তরীন ওড়িশা পর্যন্ত ০.৯ কিমি উচ্চতায় একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আদ্রতার অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রঝড় ও সংশ্লিষ্ট কার্যকলাপের প্রবল সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। জানা গিয়েছে, আজও ভারী বৃষ্টির জন্য বিশেষ করে কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ও চলবে।

আরও পড়ুনঃ ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-র সাপ, কুমির ছাড়ার বিরোধিতা! কারা করছে আন্দোলন?

আগামীকালের আবহাওয়া

রবিবার ছুটির দিনেও অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট। হাওয়া অফিস জানিয়েছে, এদিন ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড় এবং আকাশ কাঁপানো বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, এদিন ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে জলপাইগুড়ি জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাদবাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির দাপট চলবে বলে খবর।