সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি শহরের ভিড়ভাট্টা ছাড়িয়ে জঙ্গলে কয়েকদিন কাটাতে চান? চারিদিকে শুধু শোনা যাবে বন্য প্রাণীদের আওয়াজ, পাখিদের কিচিরমিচির এমন জায়গার সন্ধানে রয়েছেন? কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজ আপনাদের কলকাতা থেকে কিছু কয়েক কিলোমিটার দূরে থাকা এমন এক গভীর জঙ্গলের খোঁজ দেব যেখানে আপনি বর্ষা ছাড়া বছরের যে কোনও সময়ে গিয়ে ঢুঁ মারতে পারেন। সবথেকে বড় কথা, সামনেই গরমের ছুটি। তখন আপনি অনায়াসেই সোলো ট্রাভেল কিংবা প্রিয়জন পরিবারের সঙ্গে ঘুরে আসতে পারেন। আজ কথা হচ্ছে ডুয়ার্সের একদম অফবিট জায়গা ‘চিলাপাতা’ নিয়ে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
সপ্তাহান্তে ঘুরে আসুন চিলাপাতার জঙ্গল থেকে
ডুয়ার্স কখনও আপনানে হতাশ করবে না। এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা নদী, জঙ্গলে ঘেরা কিছু জায়গা আপনার মন ও শরীর দুইই ভালো করে দেবে। সেজন্য আজ কথা হবে ডুয়ার্সের একদমই অফবিট জায়গা চিলাপাতা জঙ্গল (Chilapata Forests) নিয়ে। ঘন গভীর জঙ্গল বলতে যা বোঝায় চিলাপাতা জঙ্গল হল সেরকমই। এই জঙ্গলে এখনও অবধি খুব বেশি পর্যটকদের পা পড়েনি। সেকারণেই হয়ত জঙ্গলের আদিমতা আরও বেশি করে অনুভূত হয়। ডুয়ার্স বলতেই সবার আগে মাথায় আসে গোরুমারা, জলদাপাড়া, হলং, জয়ন্তী। কিন্তু চিলাপাতা এমন এক অফবিট জায়গা যেটি সম্পর্কে মানুষ খুব জানেন। এই জায়গা আপনাকে এক অন্য অভিজ্ঞতা দেবে।
কী কী দেখবেন?
ডুয়ার্সের এই জঙ্গলের যাত্রা অতি মনোরম, আদিম আর বন্যতায় ভরা। ডুয়ার্সের অন্যতম বড় বনাঞ্চল এই চিলাপাতা ফরেস্ট। যতদূর চোখ যাবে শুধু জঙ্গলই আর জঙ্গল। তোর্সা নদীর পাড়ে রয়েছে এই চিলাপাতা ফরেস্ট। এছাড়াও অনেক ছোট বড় নদী রয়েছে এই চিলাপাতা জঙ্গলে। কালাচিনি, বুড়িবসরা ও বেনিয়া নদী চিলাপাতার বুক চিরে বয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ বাপ বাপ বলে পালাবে ইঁদুর! ৪ ঘরোয়া উপায়েই মিলবে মুক্তি
চিলাপাতা জঙ্গলের আরেকটি বৈশিট্য হল বিখ্যাত রামগুয়া গাছ। এই গাছে আঘাত করলেই রক্তের ধারা বেয়ে আসে। সেই গাছ এখন বিপন্ন প্রায়। আপনার যদি এই জঙ্গলের ভেতর পায়ে হেঁটে দেখার ইচ্ছা হয়ে থাকে তাহলে সাবধান। কারণ এই চিলাপাতা জঙ্গলের আরেকটি বৈশিষ্ট হল এটি কিং কোবরা সাপেদের আঁতুঘর। আপনি হয়তো অনেক জঙ্গল দেখেছেন কিন্তু চিলাপাতার মতো এত গভীর, রহস্যময় জঙ্গল খুব কমই দেখে থাকবেন। থাকার জন্যও চিন্তা করতে হবে না, কারণ এখানে আপনি অনেকগুলি জঙ্গল ফরেস্ট রিসোর্ট পেয়ে যাবেন।
কীভাবে পৌঁছাবেন?
শিলিগুড়ি থেকে এই চিলাপাতা জঙ্গলের দূরত্ব ১৪৫ কিমি। এই জায়গার নিকটতম রেল স্টেশনগুলি হল নিউ আলিপুরদুয়ার জংশন (২৬ কিমি) এবং হাসিমারা জংশন (১৬ কিমি)। আপনি হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে করে এই জায়গাগুলিতে যেতে পারেন। স্টেশন থেকে জঙ্গলে যাওয়ার জন্য আপনাকে একটি গাড়ি ভাড়া করতে হবে। তবে আপনার মূল গন্তব্যে পৌঁছাতে পারবেন।










