ইডেন থেকে সরতে পারে T20 বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ! হতাশ হবে কলকাতা

Published:

Eden Gardens T20 World Cup Semi final match update
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জোর কদমে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্ব শেষ করে বর্তমানে সুপার এইটের লড়াইয়ে নেমেছে দলগুলি। সুপার এইট পর্ব শেষ হলেই শুরু হবে সেমিফাইনাল। আর এই আসরের একটি ম্যাচ অর্থাৎ 4 মার্চের ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হওয়ার কথা রয়েছে। যদিও শেষ পর্যন্ত ক্রিকেটের নন্দনকানন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ পাবে কিনা তা নির্ভর করছে বেশ কিছু বিষয়ের উপর। শোনা যাচ্ছে, সুপার এইট পর্বে বড় অঘটন ঘটলে তবেই বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে কলকাতার ইডেনে।

ইডেন থেকে সরছে সেমিফাইনালের ম্যাচ?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রকাশিত সূচি অনুযায়ী, চলতি সুপার এইট পর্ব শেষ হচ্ছে মার্চ মাসের প্রথম দিন অর্থাৎ 1 তারিখ। এই ম্যাচের পর শর্তসাপেক্ষভাবে 4 মার্চ কলকাতায় হওয়ার কথা সেমিফাইনাল। তবে শোনা যাচ্ছে, ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ হবে কিনা তা নির্ভর করছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার উপর। হিসেব বলছে, পাকিস্তান যদি সেমিফাইনালে উঠে যায় সে ক্ষেত্রে সেই ম্যাচ হবে কলম্বোয়। একইভাবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

এক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, শ্রীলঙ্কা যদি সেমিফাইনালে ওঠে সেক্ষেত্রে সেই ম্যাচ কোথায় গড়াবে? সকলেই জানেন ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে। ফলে সেমিফাইনালে শ্রীলঙ্কা জায়গা করে নিলে তাদের ম্যাচ হবে ঘরের মাঠ কলম্বোতেই। তাহলে কোন উপায়ে ইডেনে অনুষ্ঠিত হতে পারে সেমিফাইনালের ম্যাচ?

অবশ্যই পড়ুন: ১০৭ রানের বিরাট ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের জয় বিপদ ডেকে আনল ভারতের?

ইডেন গার্ডেন্সে সেমিফাইনালের ম্যাচ আয়োজন করতে হলে সেমিতে যোগ্যতা অর্জনের আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে পাকিস্তানকে। একই সাথে শ্রীলঙ্কাকেও সেমিফাইনালে ওঠার আগেই বিশ্বকাপে যাত্রা শেষ করতে হবে। এক কথায়, পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই দলের কেউই যদি সেমিফাইনালে জায়গা করতে না পারে সেক্ষেত্রে প্রথম সেমিফাইনাল ম্যাচটি গড়াবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এর বিপরীত হলে কলকাতার ইডেন থেকে সরে যাবে ম্যাচ।