অনন্যা সরকার, কলকাতা: বর্তমান যুগে ওয়ার্ক ফ্রম হোম (WFH) হোক বা অনলাইন পড়াশোনা – সবকিছুর জন্যই ফাস্ট মোবাইল ডেটার ভীষণ প্রয়োজন হয়। সেই কারণে টেলিকম কোম্পানিগুলি ভারতে একাধিক প্রি-পেইড প্ল্যান অফার করে, যার সাথে পাওয়া যায় ফ্রি আনলিমিটেড ৫জি (5G) ডেটা। তবে এখন ভারতের অন্যতম বৃহৎ আর্থিক পরিষেবা সংস্থা, মতিলাল ওসওয়াল (Motilal Oswal)-এর বিশ্লেষকেরা মনে করছেন যে, এয়ারটেল (Airtel) জিও (Jio) বা ভি (Vi)-এর মতো টেলিকম সংস্থাগুলির বিনামূল্যে ৫জি যেটা অফার করা বন্ধ করে দেওয়া উচিত। কোম্পানিগুলির এবার নতুন নেটওয়ার্ক থেকে উপার্জন করা শুরু করা উচিত।
এবার 5G ডেটা পেতে কি খরচ করতে টাকা?
রিলায়েন্স জিও (Reliance Jio), ভারতী এয়ারটেল (Bharti Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vi)-এর মত প্রধান ভারতীয় টেলিকম অপারেটরগুলি বর্তমানে ১৯৮-১৯৯ টাকা থেকে শুরু হওয়া প্রি-পেইড প্ল্যানের সাথে বিনামূল্যে ৫জি ডেটা অফার করে, যেখানে এই প্ল্যান গুলির সাথে ২ জিবি করে ডেইলি ডেটাও দেওয়া হচ্ছে। আবার, গ্রাহকরা অতিরিক্ত ডেটার জন্য টপ-আপ ভাউচারগুলি কিনছেন। এর ফলে লেটেস্ট ৫জি নেটওয়ার্ক থেকে কোম্পানিগুলির আয় করার সুযোগ কমে যাচ্ছে।
রিলায়েন্স জিও-এর ৫০ শতাংশেও বেশি গ্রাহক ৫জি নেটওয়ার্ক ব্যবহার করেন। তাই মতিলাল ওসওয়াল মনে করছে, এই টেলিকম সংস্থার আনলিমিটেড ৫জি ডেটা পরিষেবা দেওয়া বন্ধ করে দেওয়া উচিত এবং যারা বেশি ডেটা ব্যবহার করছেন তাদের থেকে অর্থ উপার্জন করা শুরু করা উচিত।
মতিলাল ওসওয়ালের একটি রিপোর্ট অনুসারে, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের শীর্ষস্থানীয় তিনটি বেসরকারি টেলিকম সংস্থা, অর্থাৎ জিও, এয়ারটেল এবং ভি আগের বছরের তুলনায় ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বা ডেটা ট্র্যাফিকে ২৯% বৃদ্ধি লক্ষ্য করেছে। এর মধ্যে জিও-র হোম ব্রডব্যান্ড (FTTH) ডেটাও অন্তর্ভুক্ত রয়েছে। জানিয়ে রাখি, ২০২৪-২০২৫ অর্থবর্ষে ডেটা ট্র্যাফিক প্রায় ২১.৫% বৃদ্ধি পেয়েছিল।
আরও পড়ুনঃ ডিজিটাল লক ভেঙে রহস্যময় ঘরে ঢুকল পুলিশ, স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে কী কী মিলল?
এর অর্থ হলো, শেষ অর্থবর্ষে সমস্ত টেলিকম কোম্পানির ডেটা ট্রাফিক বাড়লেও, জিও সবার শীর্ষে রয়েছে। গত বছরের তুলনায় তাদের ইন্টারনেটের ব্যবহার ৩১% বেড়েছে। এরপর দ্বিতীয়স্থান দখল করেছে এয়ারটেল (২৮%) এবং তৃতীয় স্থানে রয়েছে ভিআই (২৩%)।
রিপোর্ট থেকে এও জানা গেছে যে, ২০২৫ অর্থবর্ষে ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানির ডেটা ট্রাফিক স্থিতিশীল ছিল। প্রতি গ্রাহকের গড় মাসিক ডেটা ব্যবহার ২০২৫ অর্থবছরে ২৭.৩ জিবি থেকে বেড়ে ২০২৬ অর্থবছরে ৩৪.১ জিবি হয়েছে।










