সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার সরকারি কর্মীদের জন্য রইল বিরাট খবর। অবশেষে বকেয়া ডিএ (Dearness allowance) নিয়ে মুখ খুললেন নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। DA নিয়ে সমস্যার সমাধান কি শীঘ্রই হবে? কবে বকেয়া এবং বর্ধিত হারে টাকা পাবেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনররা? মুখ খুললেন নতুন অর্থমন্ত্রী।
ডিএ নিয়ে মুখ খুললেন নতুন অর্থমন্ত্রী
রাজ্যের আর্থিক অবস্থা সম্পর্কে স্বপন দাশগুপ্ত জানান, ‘একটা বাজেট তো করতে হবে নিশ্চয়ই। রাজ্য বাজেট নিয়ে একটা সমস্যা হয়ে আছে। জিএসটি তো আর আমাদের হাতে নেই। বলতে খারাপ লাগে, আমাদের এখানে মূল টাকার উৎস হল মদ আর পেট্রোল। তাই এখন আমাদের ইনকাম বেসটা বাড়াতে হবে। রাজ্যে যে বিপুল পরিমাণে আর্থিক বোঝা আছে তা কিছুটা প্রশমিত করতে কেন্দ্রের থেকে কিছু অর্থ সাহায্য পাবো আশা করি। সকলের সঙ্গে কথা বলে আগে সমস্যাগুলি তো জানি তারপর সমাধান বের করা যাবে।’ ডিএ-র একটা বিপুল আর্থিক বোঝা আছে, সেটা নিয়েও বড় বার্তা দিতে শোনা গেল রাজ্যের নতুন অর্থমন্ত্রীকে।
আরও পড়ুনঃ আরও দু’বার বাড়বে মহার্ঘ ভাতা! অষ্টম বেতন পে কমিশনের আগে দারুণ সুখবর
তিনি জানান, ‘একদিনে কিছু হয় না, আমি জানি সমস্যাটা কী আছে। এটাও জানি কতটা কাজ হয়েছে আর কতটা কাজ বাকি আছে।’ অর্থাৎ তাঁর বক্তব্য থেকে এখনও খুব একটা পরিষ্কার হল না যে নতুন বিজেপি সরকার এই বিষয়টা নিয়ে কতটা কী ভেবেছে বা করছে। অর্থমন্ত্রী এই নিয়ে কতটা কাজ করতে পেরেছেন সেই বিষয়টাও পরিষ্কার নয়।
নবান্নে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর
এদিকে সম্প্রতি বিভিন্ন কর্মচারী সংগঠনগুলির সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই বৈঠক ফলপ্রসূও হয়ে বলে খবর। এর ফলে মনে করা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) এবং ভবিষ্যৎ বেতন-সংক্রান্ত সুবিধার বিষয়ে অগ্রগতি দেখতে পারেন। কর্মচারী প্রতিনিধিরা জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের আশ্বাস দিয়েছেন যে ডিএ প্রদান সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশাবলী বাস্তবায়ন করা হবে।










