সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৭ মে, বৃহস্পতিবার। শুভেন্দুর পিএ খুন, পানিহাটিতে বোমাবাজি, মমতা ও অখিলেশের বৈঠক, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) বিজেপি আসতেই রোহিণী টোল প্লাজা বন্ধ
রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পরেই বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে বন্ধ হয়ে গিয়েছে রোহিণী টোল প্লাজা। দীর্ঘদিন ধরে দার্জিলিং এবং কার্শিয়াংগামী গাড়ি থেকে জিডিএ নামে সংস্থার বিরুদ্ধে টোল আদায়ের অভিযোগ ছিল। আর একইভাবে শিলিগুড়ির ফুলবাড়ি বাইপাসে তথাকথিত ভাবে অবৈধ টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে বিজেপি সমর্থকদের দ্বারা। কোনও রশিদ ছাড়া গাড়ি-পিছু মোটা অংকের টোল আদায় করা হতো বলে অভিযোগ। এই কারণে খুশির হাওয়া বইছে ট্রাক এবং গাড়ি চালকদের মধ্যে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) বসিরহাটে বিজেপি কর্মীকে গুলি
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের রেশ কাটতে না কাটতেই বসিরহাটের গোডাউন পাড়ায় রোহিত রায় নামে এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। আক্রান্ত রোহিত বর্তমানে কলকাতার হাসপাতালে ভর্তি রয়েছে। যন্ত্রণার মাঝেই তিনি অভিযোগ করেছেন, এলাকায় ঝান্ডা লাগানোর সময় ১০ থেকে ১২ জনের একটি দল তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। বিজেপির দাবি, অভিযুক্তরা তৃণমূলের। যদিও তৃণমূল একে ব্যক্তিগত বিবাদ বলেই উড়িয়ে দিচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) সিঙ্গুরে টাটাকে ৭৬৬ কোটি টাকা মেটানোয় স্থগিতাদেশ হাইকোর্টের
সিঙ্গুরে টাটা মোটরসকে ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ট্রাইব্যুনালের নির্দেশে ৮ সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অনুরুদ্ধ রায়ের সিঙ্গেল বেঞ্চ এই রায় দিয়েছে। আদালত রাজ্য সরকারকে এই অর্থ মেটানোর পরিবর্তে সমপরিমাণ ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে ২০০৬ সালের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে চলা দীর্ঘ আইনি লড়াইয়ে এই স্থগিতাদেশ এবার যে নতুন মোড় তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) এক মাস যান চলাচল বন্ধ তিলপাড়া ব্যারেজে
বীরভূমের সিউড়ি সংলগ্ন তিলপাড়া ব্যারেজে আজ থেকে টানা একমাস যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। বর্ষার আগে ব্যারেজের পরিকাঠামোগত ত্রুটি সারানোর জন্য এবং বড় দুর্ঘটনা এড়াতেই স্থায়ী মেরামতের সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন। ৬ জুন পর্যন্ত ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ থাকবে। আর দূরপাল্লার বাসগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পথচারীরা ফুটপাত ব্যবহার করে হেঁটে যাতায়াত করতে পারবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) মালদায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিজেপি কর্মীকে কুপিয়ে খুন
ভোট পরবর্তী হিংসার আবহে মালদার ইংরেজবাজারে কিষাণ হালদার নামে এক বিজেপি কর্মীকে নৃশংস ভাবে খুনের অভিযোগ। বুধবার রাত্রিবেলা গাদুয়া মোড় এলাকায় ফোন করে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে। সেখান থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আর এই ঘটনায় প্রতিবেশী গোলাম হালদার এবং তাঁর ছেলেকে আটক করা হয়েছে। যদিও নিহতের বাবার দাবি, এই খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ নয়, ব্যক্তিগত বিবাদ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) ভবানীপুর জয়ই কাল হল, চন্দ্রনাথ খুনে শুভেন্দু
শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার বারাসাত হাসপাতালে চন্দ্রনাথকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী। তিনি আক্ষেপের সুরে বলেছেন, আমার পিএ হওয়ায় ওর কাল হয়েছে। আমি ভবানীপুরে না জিতলে হয়তো ওকে টার্গেট করা হতো না। তাঁর দাবি, পরিকল্পিত ভাবেই এই খুন করা হয়েছে। আট বছরের ছায়া সঙ্গীকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে কাটল জট
ক্ষমতা বদলে গতি ফিরেছে থমকে থাকা মেট্রো প্রকল্পে। অরেঞ্জ লাইনের চিংড়িঘাটায় ভায়াডাক্টের ৩৬৬ মিটারের ফাঁক ভরাট করতে ১৫ মে থেকে কাজ শুরু করার অনুমতি দিয়েছে ট্রাফিক পুলিশ। ১৫ থেকে ১৮ মে এবং ২২ থেকে ২৪ মে যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে বলে জানিয়েছে তারা। এর ফলে নিউ গড়িয়া–এয়ারপোর্ট করিডোরে বড় বাধা দূর হতে চলেছে। পাশাপাশি বিসি রায় মার্কেটের জটলা কাটিয়ে পার্পেল লাইনের স্প্ল্যানেড স্টেশনের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) ১৬০০ কোটির জালিয়াতিতে হাওয়ালা চক্রের মূল অভিযুক্ত মহফুজ গ্রেফতার
উত্তরপ্রদেশ পুলিশের অভিযানে কানপুর থেকে গ্রেফতার করা হয়েছে ১৬০০ কোটি টাকার হাওয়ালা চক্রের মূল অভিযুক্ত মহফুজকে। পুলিশ সূত্রে খবর, মহফুজ গরিব রিক্সাচালক এবং ঠেলাওয়ালাদেরকে লোনের লোভ দেখিয়ে তাদের আধার এবং প্যান কার্ডের তথ্য সংগ্রহ করত। আর ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা লেনদেন করত। দীর্ঘদিন কলকাতায় তৃণমূল ঘনিষ্ঠ শ্বশুরবাড়িতে আত্মগোপন করে থাকলেও বাংলার রাজনৈতিক পরিবর্তনের পর নিরাপত্তাহীনতায় ভুগে তিনি কানপুরে পালাচ্ছিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) কালীঘাটে মমতা-অখিলেশ বৈঠক
বাংলার নির্বাচনী ফলপ্রকাশের পর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন অখিলেশ যাদব। তৃণমূল সুপ্রিমাকে সান্তনা দিয়ে তিনি বলেছেন যে, আপনি হারেননি। অখিলেশ অভিযোগ করেছেন, বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে ভোট লুট করেছে। আর কেন্দ্রীয় বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন। হার স্বীকার না করে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে অস্বীকার করলেও অখিলেশ একে গণতন্ত্রের পরাজয় বলে দেখছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) পানিহাটিতে বোমাবাজি ও শুভেন্দুর আপ্তসহায়ক খুন
ভোট মিটতেই পানিহাটিতে জয়ী বিজেপি প্রার্থী রত্না দেবনাথের বাড়ির কাছে বোমাবাজিতে আহত হয়েছেন ছয় বিজেপি সমর্থক। বুধবার রাতে মোটরসাইকেলে এসে দুষ্কৃতীর সেন্ট জেভিয়ার্স স্কুলের সামনে বোমাবাজি করেছে। অন্যদিকে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকেই। পরিস্থিতি সামাল দিতে এখন তৎপর প্রশাসন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










