বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা ভাবা যায়নি সেটাই করে দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যে দলটা চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুতেই ক্রমাগত ধাক্কা খাচ্ছিল, তারাই শেষ 7 ম্যাচের 6টিতে জিতে প্রমাণ করেছে ক্রিকেটে যেকোনও সময় পাশা বদলে যেতে পারে। শেষবারের মতো গতকাল মুম্বইকে গুঁড়িয়ে দিয়েছে শাহরুখ খানের দল। সেই সূত্রেই পয়েন্ট তালিকার 7 নম্বরে জায়গা করে নিয়েছে শহরের এই দল। তবে কেউ কেউ বলছেন, বুধবারের ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় উন্নতি হলেও প্লে অফ বোধহয় নিশ্চিত করতে পারবে না KKR!
প্লে অফে ওঠা হবে না কলকাতার?
বর্তমানে 13 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে তালিকার 6 নম্বর দল হিসেবে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফে যোগ্যতা অর্জন করতে হলে কলকাতা নাইট রাইডার্সকে তাদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে বড় ব্যবধানে হারাতেই হবে। এখানেই শেষ নয়, দিল্লিকে হারানোর পাশাপাশি কলকাতাকে প্রার্থনা করতে হবে যাতে পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস দুই দলই তাদের পরবর্তী ম্যাচগুলিতে হারে।
যদিও, কলকাতার এমন স্বপ্ন পূরণ হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ এই মুহূর্তে 14 পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। দুর্দান্ত ছন্দে থাকা এই দলটি প্লে অফের দোরগোড়ায়। তারা যদি শেষ ম্যাচ মুম্বইকে হারিয়ে দিতে পারে তবে সহজেই প্লে অফে জায়গা করে নেবে, বৈভব সূর্যবংশীর দল। তবে যদি এর উল্টোটা হয় অর্থাৎ রাজস্থান যদি মুম্বইয়ের কাছে হেরে যায়, অন্যদিকে পাঞ্জাব কিংস যদি তাদের শেষ ম্যাচে জয় তোলে এবং কলকাতা দিল্লিকে হারিয়ে দেয় তবে উভয় দলের পয়েন্ট হবে 15। সে ক্ষেত্রে নেট রান রেটের ভিত্তিতে প্লে অফে জায়গা নিশ্চিত হবে।
অবশ্যই পড়ুন: ভোটের দিন উধাও জাহাঙ্গির খান! বাড়িতে তালা পুষ্পার, ফলতায় নির্বিঘ্নে চলছে নির্বাচন
একই সাথে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসও এই মুহূর্তে প্লে অফের দৌড়ে রয়েছে। এই দল দুটিকেই তাদের পরবর্তী ম্যাচে যথাক্রমে RR, পাঞ্জাব কিংস এবং কলকাতাকে বড় ব্যবধানে হারাতে হবে। তাতে নেট রান রেট উন্নত হলে প্লে অফে জায়গা করাটা সহজ হবে। সবমিলিয়ে বলাই যায়, এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স বাহিনীর প্লে অফ নির্ভর করছে বাকি দলগুলির পরাজয়ের উপর। আর এটা যে একেবারেই মুখের কথা নয় তা বুঝতে পারছেন অনেকেই। মূলত সে কারণেই কেউ কেউ বলছেন, মুম্বইয়ের বিরুদ্ধে জিতলেও প্লে অফে ওঠা হবে না KKR-র!










