কলকাতায় হুগলী নদীতে নৌকাবিহার প্রধানমন্ত্রীর, ক্যামেরা হাতে তুললেন একাধিক ছবি

Published:

Narendra Modi

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রচার ফেলে সকাল সকাল গঙ্গাবিহার সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)! চোখে রোদচশমা পরে ক্যামেরা নিয়ে ছবি তুলছেন প্রধানমন্ত্রী। সবমিলিয়ে ভোরের তিলোত্তমার রূপ দেখে রীতিমত মুগ্ধ হলেন মোদী। এদিকে রাজ্য জুড়ে এইমুহুর্তে বইছে ভোট রাজনীতির গরম হাওয়া। গতকাল ১৫২ কেন্দ্রে শেষ হয়েছে প্রথম দফা নির্বাচন (West Bengal Election 2026)। গণ্ডগোল মারপিট দেখা গিয়েছিল দফায় দফায়। এমতাবস্থায় আজ সকালে গঙ্গায় মোদীর নৌকাবিহারের একাধিক ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই জোর চর্চা শুরু হল।

কলকাতার গঙ্গা ভ্রমণে মোদী

রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ শুক্রবার সকাল সকাল নদীবক্ষে ভ্রমণে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গঙ্গার শান্ত শীতলতায় নৌকায় বসে শহরের এক অপরূপ মাধুর্য উপভোগ করলেন। পাশাপাশি দক্ষ ক্যামেরাম্যানের মতো নিজের ক্যামেরায় বন্দি করলেন ভোরের কলকাতার সৌন্দর্য। নৌকাবিহারের পর প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে সেসব ছবি পোস্টও করেন। সেখানে তিনি পশ্চিমবঙ্গ এবং বাঙালির কাছে গঙ্গার মাহাত্ম্যের কথা তুলে ধরেন। জানান, “প্রতিটি বাঙালির কাছে গঙ্গা একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এটা বলাই যায় যে, গঙ্গা বাংলার আত্মা দিয়ে প্রবাহিত হচ্ছে।”

অভিজ্ঞতা ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

কলকাতায় গঙ্গা ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করার সময় পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন যে, “আজ সকালে কলকাতায় আমি হুগলি নদীর বুকে কিছু ক্ষণ সময় কাটালাম। মা গঙ্গাকে কৃতজ্ঞতা জানানোর একটা সুযোগও পেলাম। একইসঙ্গে মাঝি এবং প্রাতভ্রমণকারীদের সঙ্গেও দেখা হল, শুভেচ্ছা বিনিময় হল। বিশেষ করে মাঝিদের কঠোর পরিশ্রম দেখে আমি মুগ্ধ। এই হুগলি নদী আমাকে বাংলা এবং বাংলার মানুষের জন্য কাজ করতে আরও অনুপ্রাণিত করেছে।” এছাড়াও নৌকাবিহারের একটি ভিডিয়োও পোস্ট করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ব্যান্ডেল–নিউ দিল্লি স্পেশাল ট্রেন চালু করল রেল, রইল সময়সূচি

প্রসঙ্গত, দ্বিতীয় দফার আজ হাইভোল্টেজ প্রচার রয়েছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর। দিনভর ঠাসা কর্মসূচি। বারুইপুরের টংতলার মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা তাঁর। পাশাপাশি জনসভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। দুপুর আড়াইটায় হিঙ্গলগঞ্জে জনসভা করবেন অমিত শাহ। বেলা সাড়ে তিনটার পর জনসভা করবেন হুগলির উত্তরপাড়ায়। বিকেলে জগদ্দলে রোড শো করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর।