সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় স্টেট ব্যাঙ্কের (State Bank of India) মুকুটে এবার নয়া পালক! চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকে ব্যাঙ্কিং সেক্টরে রেকর্ড গড়ল এসবিআই। বাজার মূল্যধনের নিরিখে বেসরকারি খাতের আইসিআইসিআই ব্যাঙ্ককে (ICICI Bank) পিছনে ফেলে দেশের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থার তকমা ছিনিয়ে নিল রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক। এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের সাম্প্রতিক রিপোর্ট এরকমই তথ্য উঠে এসেছে।
বিরাট উত্থান স্টেট ব্যাঙ্কের
রিপোর্ট অনুযায়ী, গত ত্রৈমাসিকে এসবিআই এর বাজার মূলধন সামান্য ০.৩ শতাংশ কমলেও আইসিআইসিআই ব্যাঙ্কের তুলনায় তা অনেকটাই বেশি স্থিতিশীল ছিল। অন্যদিকে এই সময় আইসিআইসিআই ব্যাঙ্কের বাজার মূলধন ১০ শতাংশ বেশি পড়ে যাওয়ার কারণে তালিকায় একধাপ নিচে নেমে গিয়েছে তারা। বিশেষজ্ঞদের মতে, এসবিআই এর স্থিতিশীল মুনাফা এবং নেট ইন্টারেস্ট মার্জিন বিনিয়োগকারীদের এবার ভরসা যোগাতে সাহায্য করেছে।
প্রসঙ্গত, দেশের সবথেকে মূল্যবান ব্যাঙ্ক হিসেবে নিজের স্থান ধরে রাখতে সফল হয়েছে বেসরকারি ব্যাঙ্ক এসডিএফসি। কিন্তু গত ত্রৈমাসিকে তাদের বাজার মূলধন ২৬.১ শতাংশ কমে ১১,২৬১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছিল। অন্যদিকে গত মার্চ মাসে ব্যাঙ্কের পার্ট টাইম চেয়ারম্যান অতনু চক্রবর্তী পদত্যাগের পর থেকে এইচডিএফসির শেয়ারের উপর চাপ সৃষ্টি হয়। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন যে, আমানত বৃদ্ধি এবং ঋণের অনুপাত উন্নত হওয়ার কারণে ভবিষ্যতে এই ব্যাঙ্ক আবারও ঘুরে দাঁড়াবে।
কেন কমল ২০টি বড় বড় ব্যাঙ্কের ভ্যালুয়েশন?
রিপোর্টে দেখা যাচ্ছে, দেশের শীর্ষ ২০টি তালিকাভুক্ত ব্যাঙ্কের মধ্যে ১৮টির বাজার মূলধন অনেকটাই পতন ঘটেছে। তবে এর নেপথ্যে মূলত দুটি বড় বড় কারণ কাজ করছে। প্রথমত, পশ্চিম এশিয়ার সংঘাত। হ্যাঁ, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার ফলে বিশ্ববাজারে শেয়ার বিক্রির হিড়িক পড়ে গিয়েছে। যার সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় ব্যাঙ্কিং সেক্টরে। দ্বিতীয়ত, বিদেশি বিনিয়োগ প্রত্যাহার। আসলে মার্চ মাসের প্রথম ১৮ দিনের মধ্যেই বিদেশি পোর্টফোলিওর বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ারবাজার থেকে আনুমানিক ১০.৮ বিলিয়ন মার্কিন ডলার তুলে নিয়েছে। সেই কারণে ব্যাঙ্কগুলোর বাজার মূলধন তলানিতে।
আরও পড়ুন: অনলাইনে ১০ হাজার টাকা পেমেন্ট করলে করতে হবে ১ ঘণ্টা অপেক্ষা! নতুন নিয়মের পথে RBI
কিন্তু হ্যাঁ, বাজারের এই মন্দার মধ্যেও ব্যতিক্রমী পারফরম্যান্স দেখাচ্ছে দুটি ব্যাঙ্ক। তালিকায় আছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যারা বাজার মূলধন ৬.৮ শতাংশ বাড়িয়ে নবম স্থান থেকে একেবারে সপ্তম স্থানে উঠে এসেছে। এরপর রয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক যারা প্রায় ১ শতাংশ মূলধন বাড়িয়েছে। তবে তালিকায় তলানিতে থাকা আইডিবিআই ব্যাঙ্কের বাজার মূলধন সবথেকে বেশি অর্থাৎ ৪০.৩ শতাংশ পতন হয়েছে। এরপরেই রয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। তাদের ভ্যালুয়েশন কমেছে আনুমানিক ৩১.২ শতাংশ।












