প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের আবহে রাজ্য জুড়ে থমথমে পরিবেশ, এমতাবস্থায় খবরের শিরোনামে ফের উঠে এল রান্নার গ্যাস (LPG Gas Cylinder)। জানা গিয়েছে, মে মাসের প্রথম দিন থেকেই নাকি বদলে যেতে পারে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম (LPG Cylinder Booking Rules)। শুধু তাই নয় ডেলিভারির নিয়মে বদলও আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আসলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের (LPG Crisis) কারণেই ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বড় সিদ্ধান্ত নিতে চলেছে।
বাড়তে পারে দাম!
বিগত কয়েক দিন দিন ধরেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব জুড়ে। এদিকে রান্নার জ্বালানি সংকটের মাঝেই বাড়িয়ে দেওয়া হয়েছে দাম। গত কয়েক সপ্তাহে ঘরোয়া সিলিন্ডারের দাম ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে প্রায় ৬০ টাকা বেড়েছে। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দামও এক মাসে তিন দফা দাম পরিবর্তিত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী ১ মে থেকে আবারও এলপিজির দাম সংশোধনের সম্ভাবনা রয়েছে। তবে দাম বাড়বে না কমবে সেই বিষয়ে এখনও কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তবে বুকিং এর সময়সীমা বদল করা হতে চলেছে।
ফের বাড়ল সময়সীমা
গ্যাস সংকটের জেরে এতদিন পর্যন্ত একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে গ্যাস বুক করা যেত। তবে নতুন নিয়মে সেই সময়সীমা বাড়ানো হয়েছে। শহরের ক্ষেত্রে আগে বুকিংয়ের ব্যবধান ছিল ২১ দিন এখন সেই সময়সীমা বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। অন্যদিকে গ্রামে এই ব্যবধান বেড়ে সর্বোচ্চ ৪৫ দিন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও গ্যাস সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে OTP ভিত্তিক ভেরিফিকেশন প্রক্রিয়ার উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্রাহকদের জন্য আধার-ভিত্তিক বায়োমেট্রিক eKYC বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন: ৩ মাস ধরে যাত্রীদের ঠকিয়ে টাকা আদায়, বহরমপুর স্টেশনে গ্রেপ্তার নকল টিটিই
প্রসঙ্গত, গ্রাহকদের PNG সংযোগ বাড়ানোর উপরও জোর দেওয়া হয়েছে। যেসব এলাকায় ইতিমধ্যেই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস বা PNG সংযোগ পৌঁছে গিয়েছে, সেখানে গ্রাহকদের দ্রুত সিলিন্ডার ছেড়ে পাইপলাইনে ট্রান্সফার হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে এই রূপান্তর না করলে ভবিষ্যতে সংশ্লিষ্ট গ্রাহকদের LPG সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মার্চ ২০২৬ পর্যন্ত প্রায় ৫.৪৫ লক্ষ PNG সংযোগ দেওয়া হয়েছে এবং আরও ২.৬২ লক্ষের পরিকাঠামো প্রস্তুত রয়েছে। অন্যদিকে WhatsApp, SMS এবং মিসড কলের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুকিং করা যাবে।










