সহেলি মিত্র, কলকাতাঃ সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ প্রকাশ পেল মাধ্যমিক পরীক্ষা ২০২৬-এর ফলাফল (Madhyamik Result 2026)। শুক্রবার ফলাফল বেরোতে না বেরোতেই মেধা তালিকায় বিরাট চমক লক্ষ্য করা গেল। দীর্ঘ প্রতীক্ষার পর, ৯ লক্ষেরও বেশি শিক্ষার্থী এখন অনলাইনে তাদের ফলাফল দেখতে পারবে। বলা হচ্ছে, এবারও ছাত্রীরা ছাত্রদের চেয়ে ভালো ফল করেছে। চলতি বছর অভিরূপ ভদ্র (Abhirup Bhadra) প্রথম স্থান অধিকার করেছে। সে ৯৯.৭১ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে শীর্ষস্থান অর্জন করেছে। যদিও তাঁর পথচলা কিন্তু আর পাঁচটা সাধারণ পড়ুয়াদের মতো সহজ ছিল না। জীবন সংগ্রামে জর্জরিত থেকেই সে ভালো করেছে মাধ্যমিকে। আজকের এই প্রতিবেদনে এই পড়ুয়ার সংগ্রাম নিয়েই আলোচনা করা হবে।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় মাধ্যমিকে প্রথম অভিরূপ ভদ্র
অভিরূপের এই সাফল্য গোটা বঙ্গবাসীর মাথা গর্বের সঙ্গে উঁচু করে দিয়েছে। তবে সে কতটা খুশি? তাঁর অভিভাবকরা কতটা খুশি? কোভিডে বাবাকে হারিয়েছে উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। আজ পর্ষদের তরফে ছেলের নাম ঘোষণা হতেই কান্নায় ভেঙে পড়েন অভিরূপের মা। ছাত্রের বাবা ছিলেন ঠিকাদার। কিন্তু মারণ কোভিড অভিরূপের বাবাকেও ছাড়েনি। বাবার মৃত্যু যেন অভিরূপকে আরও বড় করে দিয়েছিল। সে বুঝে গিয়েছিল সংসারের হাল তাকেই ধরতে হবে, পরিবারের ছাদ হতে হবে ঠিক বাবার মতো। সেই লক্ষ্যেই মনোনিবেশ করে দিনরাত এক করে পড়াশোনার মধ্যে ডুবে থাকত সে।
এদিকে ছেলের সাফল্যে গর্বিত মা ইন্দ্রাণী ভদ্র। তিনি জানান, ‘ছেলে ভীষণ পরিশ্রম করেছে। ভেবেছিলাম প্রথম দশে থাকবে। কিন্তু প্রথম হবে ভাবতে পারিনি।’ অভিরূপ জানিয়েছে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। এদিকে অভিরূপের সাফল্যে গর্বিত স্কুলের শিক্ষকরা। তাঁরা বলেন, ভেবেছিলেন অভিরূপ প্রথম তিনজনের মধ্যে থাকবে। কিন্তু প্রথম স্থান অধিকার করবে তা ভাবতে পারেননি তাঁরাও।
আরও পড়ুনঃ মে মাসে আরও ২% DA বাড়ল সরকারি কর্মীদের, কারা উপকৃত হবেন?
মাধ্যমিক শিক্ষা পর্ষদ আজ সকালে একটি সংবাদ সম্মেলনে ফলাফল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। সামগ্রিক পাসের হার, শীর্ষস্থান অধিকারীদের তালিকা এবং জেলাভিত্তিক ফলাফলও জানানো হয়েছে। এ বছর সামগ্রিক পাসের হার ৮৬ শতাংশের বেশি রেকর্ড করা হয়েছে, যা গত বছরের তুলনায় ভালো বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ২০২৬ ১০ই ফেব্রুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। রাজ্য জুড়ে বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করছিল। অবশেষে আজ তাঁদের অপেক্ষার অবসান ঘটল।
রেজাল্ট কোথায় চেক করবে?
ফলাফল প্রকাশের পরপরই wbresults.nic.in এবং wbbse.wb.gov.in-এ সরাসরি লিঙ্কগুলো সক্রিয় করা হয়েছে। শিক্ষার্থীরা এখন আর দেরি না করে তাদের স্কোর দেখে নিতে পারবে। এছাড়াও চলতি বছর মধ্যশিক্ষা পর্ষদের পার্টনার হয়েছে আমাদের Indiahood.in পোর্টাল। কোনওরকম ঝঞ্ঝাট ছাড়াই পড়ুয়ারা result.indiahood.in লিঙ্কে ক্লিক করে ফলাফল দেখে নিতে পারবে।










