ভাঙছে মমতার দল! ৫০ জন জয়ী বিধায়ককে নিয়ে নতুন তৃণমূল গড়ছেন ঋতব্রত?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাঙছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)? সোমবার, দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করে দল তৃণমূল কংগ্রেস। আর তারপরেই জল্পনা বাড়ল এবার নাকি ঋতব্রতর নেতৃত্বে রাজ্যে গড়ে উঠতে চলেছে নয়া তৃণমূল দল। সেখানেই নাকি যোগ দেবেন রাজ্যের জয়ী 50 জন তৃণমূল বিধায়ক। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কেউই।

তৃণমূল কংগ্রেসে ভাঙন?

গতকাল অর্থাৎ রবিবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে দলের পরিষদীয় বৈঠক ছিল। তবে এদিনের বৈঠকে 80 জন জয়ী বিধায়কের মধ্যে উপস্থিত হয়েছিলেন মাত্র 19 জন। বাকি 61 জন বিধায়ক এদিন মমতার বৈঠকে যাননি। আর সেখান থেকেই জল্পনা বেড়েছিল তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে সরে যেতে চলেছেন জয়ী বিধায়কেরা? এ নিয়ে অবশ্য গতকালই গোটা বিষয়টা খোলসা করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

তৃণমূল মুখপাত্র জানিয়েছিলেন, সোনারপুরে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পর থেকেই বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত হয়ে পড়েছেন তৃণমূলের বিধায়করা। বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতাকর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। সেসব কারণেই নাকি আগের দিনই তৃণমূলের বিধায়কদের একটা বড় অংশ জানিয়েছিলেন, রবিবারের বৈঠকে অংশ নেওয়া সম্ভব নয়। খুব সমস্যা না হলে বৈঠকের দিন পেছানো হোক। তৃণমূল মুখপাত্রের কথায়, গোটা রাজ্যজুড়ে তৃণমূলে নেতাকর্মীদের মিথ্যা গ্রেফতারি এবং হামলার ঘটনার কারণেই এদিনের বৈঠকে হাজির ছিলেন না জয়ী বিধায়কদের একটা বড় অংশ।

এরই মাঝে সোমবার দলবিরোধী কার্যকলাপের অভিযোগে সাসপেন্ড করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। ঋতব্রতর সাথেই সাসপেন্ড হন সন্দীপন সাহাও। আর তারপরেই নাকি আদি তৃণমূল ভেঙে ঋতব্রতর নেতৃত্বে নতুন তৃণমূল দল গড়ে তুলতে চাইছেন 50 জন জয়ী বিধায়ক। সূত্রের খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন তৃণমূল কংগ্রেসে যোগ দিতে খুব শীঘ্রই স্পিকারের উদ্দেশ্যে চিঠি লিখতে পারেন তৃণমূলের বিধায়করা।

অবশ্যই পড়ুন: আগে ঘটেনি এমন! এবছর IPL-এ তৈরি হল ১০ অনন্য রেকর্ড

কয়েকটি বিশ্বস্ত সূত্রের দাবি, সাসপেন্ড হওয়ার পরই নাকি তৃণমূলের জয়ী বিধায়কদের সাথে যোগাযোগ হয়েছে ঋতব্রতর। তাঁরাই নাকি একেবারে নিজে থেকেই ঋতব্রত নেতৃত্বে নতুন দলে যুক্ত হতে চেয়েছেন! শুধু তাই নয়, ইতিমধ্যেই নাকি নতুন দল গড়তে চিঠিতে সইও করেছেন বহু বিধায়ক। 50 জন বিধায়ককে নিয়ে ঋতব্রতর নেতৃত্বে যে দল গড়ে উঠবে তাতে বিরোধী দলনেতার আসনে কে বসবেন তা নিয়েও নাকি এই মুহূর্তে আলোচনা চলছে।