জাহাঙ্গীরের গ্রেফতারি ঘিরে ফলতায় তীব্র বিক্ষোভ, পুষ্পার মুক্তির দাবিতে পথে মুসলিম মহিলারা

Published:

Jahangir Khan

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতার পালা পরিবর্তন হতেই এবার ফলতার বেতাজ বাদশা জাহাঙ্গীর খান (Jahangir Khan) ওরফে ‘পুষ্পা’-র দম্ভ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যে নেতার একসময়ের হুঙ্কারে এলাকায় ‘বাঘে-গরুতে এক ঘাটে জল খেত’, সেই দাপুটে তৃণমূল (All India Trinamool Congress) নেতা এখন কোমরে দড়ি বেঁধে পুলিশের ঘেরাটোপে থেকে রাস্তায় কান ধরছে এবং হাত জোর করে ক্ষমা চাইছে। এ যেন এক সম্পূর্ণ ভিন্ন চিত্র। কিন্তু এবার সেই দৃশ্য মানতে পারছেন না এলাকার কিছু স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মহিলারা। রীতিমত রাস্তা ব্লক করে জাহাঙ্গীরকে ছেড়ে দেওয়ার জন্য প্রতিবাদ জানাচ্ছে।

ভিন্ন রূপে জাহাঙ্গীর খান

২৬ এর বিধানসভা ভোটের মরশুমে একেবারে হিন্দি সিনেমার হিট সংলাপ ধার করে জাহাঙ্গীর খান নিজেকে ফলতার ‘পুষ্পা’ বলে দাবি করেছিলেন। প্রকাশ্য বুক ঠুকে বলেছিলেন, ‘পুষ্পা রাজ, ঝুকেগা নেহি’। কিন্তু বিজেপি সরকার আসতেই পুষ্পা যে এভাবে ভিজে বেড়াল হয়ে যাবে তা ভাবা বেশ দুষ্কর হয়ে গিয়েছিল সকলের কাছে। যাঁর নামে গোটা ফলতা থরথর করে কাঁপত, সে এখন সাধারণ একটা হাফ প্যান্ট, বিধ্বস্ত চেহারা অবস্থাতেই ফলতার চেনা রাস্তায় কোমরে দড়ি বেঁধে পুলিশের ঘেরাটোপে ঘুরছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন স্থানীয়রা। ভোট ঘোষণার পর থেকেই নাকি তিনি ভোটারদের ভয় দেখাতেন। এমনকি বিরোধী কর্মীদের মারধর, বুথ দখল এবং দেদার রিগিংয়ের অভিযোগ উঠতে শুরু করে।

প্রতিবাদ করলেন মুসলিম মহিলারা

ফলতার পরিস্থিতি সেই সময় এতটাই হাতের বাইরে চলে গিয়েছিল যে, নির্বাচন কমিশনের নির্দেশে ডায়মন্ড হারবার ও ফলতা এলাকার আইনশৃঙ্খলার রাশ টানতে উত্তরপ্রদেশ ক্যাডারের ‘সিংঘাম’ বলে পরিচিত দুঁদে IPS অফিসার অজয় পাল শর্মাকে স্পেশাল অবজার্ভার হিসেবে পাঠানো হয়েছিল। তখন থেকেই পুষ্পার হাওয়া-বদল দেখা গিয়েছে। পুনর্নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে ভোটে লড়ছেন না বলেও সাংবাদিক বৈঠক করেছিলেন। পালিয়ে গিয়েও পুলিশের নজর এড়াতে পারেননি তিনি। কিন্তু এখন সেই জাহাঙ্গীর খানকে ছেড়ে দেওয়ার জন্য প্রতিবাদ শুরু করলেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কিছু মহিলারা।

আরও পড়ুন: ‘সৌরভের বাড়িতে ED হানা!’ ফেসবুকের ভুয়ো পোস্টের বিরুদ্ধে থানায় মহারাজ

একটি ভাইরাল ভিডিও সূত্রে দেখা যায় রাস্তায় নেমে তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গীর খানকে ছেড়ে দেওয়ার জন্য সড়ক অবরোধ করেছিলেন মুসলিম মহিলারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। এমনকি কোমরে দড়ি বেঁধে এইভাবে জাহাঙ্গীরকে রাস্তায় ঘোরানো নিয়েও আপত্তি তুলছেন তাঁরা। যদিও এই নিয়ে প্রশাসনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে জাহাঙ্গির খান যে খুব সহজে আইনি নজর থেকে ছাড় পাবে না এটা সকলের কাছেই বেশ স্পষ্ট।