সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার। অন্নপূর্ণা যোজনা বন্ধের দাবি, ঘূর্ণিঝড় অর্ণব, রেলের কবচ সিস্টেম….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) যাত্রী নিরাপত্তায় নয়া মাইলফলক অর্জন রেলের
যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রে এবার নয়া মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। ১০৮ কিলোমিটার দীর্ঘ রেল রুটে বসানো হল কবচ ৪.০। জানা গিয়েছে, তেলেঙ্গানার মলকাজগিরি এবং কামারেড্ডি রেল সেকশনের মধ্যে এই দীর্ঘ রেলপথে কবচ স্থাপন করা হয়েছে। এর ফলে নিরাপদ এবং নির্বিঘ্ন ট্রেন চলাচল নিশ্চিত হবে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা বাড়বে। পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন রেল বিভাগে বেশ কিছু পরিকাঠামো এবং সুরক্ষা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা ৪.০, ইলেকট্রনিক্স ইন্টারলকিং সিস্টেম অন্তর্ভুক্ত আছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) লাইভে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ মমতার
এবার লাইভে এসে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন দুই নির্বাচন কমিশনার। এমনকি গত ১০ মাসে মুখ্য নির্বাচন কমিশনারের সিদ্ধান্তে ১৪ বার আপত্তি প্রকাশ করার অভিযোগ জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, “আমরা প্রথমবারই বলেছিলাম যে, এসআইআর-র নামে বাংলায় ভোট লুট করা হয়েছে। আপনারা সব জায়গায় ভোট লুট করে জিতেছেন। তারা জোর করে বাংলার ইলেকশন লুট করেছে। পারবেন ফিরিয়ে দিতে?” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) টাকা আত্মসাতের অভিযোগে ব্যান্ডেলে আটক ব্যাংক কর্মী
ব্যান্ডেলের বেসরকারি ব্যাংক এইচডিএফসি-তে এফডি সার্টিফিকেট বানিয়ে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ উঠল। এমনকি অভিযোগের কেন্দ্রে রয়েছেন ওই ব্যাংকের কর্মী নিখিল গুপ্তা। গ্রাহকদের দাবি, ব্যাংকে বসেই তাঁদের সঙ্গে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা ফিক্সড ডিপোজিট করানোর ব্যবস্থা করতেন অভিযুক্ত কর্মী। টাকা জমা দেওয়ার পর গ্রাহকদের হাতে ভুয়ো এফডি সার্টিফিকেট এবং রশিদ তুলে দেওয়া হত। এমনকি সেই নথিতে ব্যাংকের নাম, কর্মীর এমপ্লয়ি কোড এবং স্ট্যাম্পও ছিল। তবে অবশেষে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) মাদকবিরোধী অভিযানে কড়া পদক্ষেপ
নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবার বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের। মাদকবিরোধী কর্মসূচিতে বড়সড় সাফল্য অর্জনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দক্ষিণ দিনাজপুর থেকে উদ্ধার করা হয়েছে অবৈধভাবে প্রস্তুত কাশির সিরাপ। এমনকি সেগুলি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার থেকে আর Eskuf Cough Syrup বিক্রি হবে না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি বা স্থানীয় কোনও ডিলার কিংবা ডিপোর মাধ্যমে রাজ্যের কোথাও বিক্রি হবে না এই সিরাপ। এমনকি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুলিশি অভিযানে প্রায় ২ লক্ষ কোভিড ভিত্তিক কাশির সিরাপের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) রবিবারেও খোলা থাকবে ব্যাঙ্ক
এবার রবিবার দিনও খোলা থাকবে ব্যাংক। গ্রাহকদের অসুবিধার কথা মাথায় রেখে বিরাট সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। চলতি সেপ্টেম্বর মাসের ২৮ থেকে ৩০ পর্যন্ত ধর্মঘটের কারণে এই রবিবার ব্যাংক খোলা থাকবে বলে জানানো হয়েছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গোটা দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। তবে ২৬ এবং ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে সরকার গ্রাহকদের ব্যাংকিং সংক্রান্ত প্রয়োজন মেটাতে রবিবার ব্যাংক খোলা রাখবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) পুজোর মুখে ফের ইডির হানা কলকাতায়
ফের পুজোর মুখে শহর কলকাতার একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আজ বুধবার সকাল থেকেই দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ও নিউ আলিপুরের একাধিক ঠিকানায় তদন্তকারীরা তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে। এমনকি আর্থিক অনিয়মের অভিযোগের সূত্র ধরে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বাড়ি এবং অফিসে আর্থিক নথি, ব্যাংক অ্যাকাউন্ট ও লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ইডি-র তরফ থেকে জানা গিয়েছে, বিদেশি মুদ্রা বিনিময়ের নামে বড় আর্থিক অনিয়ম এবং তছরূপের অভিযোগ উঠেছে। পাশাপাশি ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট ও সংস্থার নথিপত্র খতিয়ে দেখা হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) নবদ্বীপে সম্পত্তি লিখিয়ে অসুস্থ বাবা-মাকে তাড়াল পুলিশকর্মী ছেলে
অসুস্থ বৃদ্ধ বাবা-মায়ের সবকিছু কেড়ে নিয়ে রাস্তায় বের করে দিল এক পুলিশ কর্মীর ছেলে। এমনকি কোথাও আশ্রয় না পেয়ে শেষ পর্যন্ত বাসস্ট্যান্ডে দিন কাটছে ওই বৃদ্ধ দম্পতির। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপে। পুলিশ কর্মীর এই কর্মকাণ্ডে ক্ষোভ উগড়ে দিচ্ছে সাধারণ মানুষ। রিপোর্ট অনুযায়ী, টাকা-পয়সা ও জমি জায়গা লিখে নিয়ে অসুস্থ বৃদ্ধ বাবাকে ভিটেছাড়া করেছেন পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছোট ছেলে গৌরাঙ্গ সরকার। এমনকি তাঁর বাবা ভজন সরকার গলায় টিউমার আক্রান্ত হওয়ায় বাকশক্তি পর্যন্ত হারিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) মমতা সরকারের বাড়ি ভাড়া ভাতার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টে
আগের সরকারের চালু করা নিয়মে বদল। বাড়ি ভাড়া ভাতার নিয়মে বড় রায় দিল হাইকোর্ট। এতদিন পর্যন্ত স্বামী-স্ত্রী দুজনে একসঙ্গে চাকরি করলে যে কোনও একজন বাড়ি ভাড়া পেতেন। এমনকি স্বামী বা স্ত্রীর মধ্যে একজন সরকারি চাকরিজীবী এবং একজন বেসরকারি ক্ষেত্রে কর্মরত হয়ে সেখান থেকে বাড়ি ভাড়া ভাতা পেলে অন্যজন বঞ্চিত হতেন। তবে এবার সেই নিয়মে বড় বদল। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, স্বামী-স্ত্রী দু’জনই সরকারি চাকরিতে কর্মরত হলে দু’জনই বাড়ি ভাড়া ভাতা পাওয়ার যোগ্য। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) অন্নপূর্ণা যোজনা বন্ধের দাবি মহিলাদের
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে ফের বিক্ষোভে নামলেন উদয়নারায়ণপুরের মহিলারা। তাদের একটাই দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি আবেদন আন্ডার প্রসেস পর্যায়ে রয়েছে। বিক্ষোভকারী এক মহিলার কথায়, “আমরা সবাই একই দিনে অ্যাপ্লিকেশন করেছি। কেন আমাদের টাকা ঢুকছে না? কেন আমাদের সরকার প্রকল্প থেকে বঞ্চিত করছে? দিলে এই টাকা সবাইকে দিতে হবে। নাহলে বন্ধ করে দিক সরকার।” বস্তুত, গতকাল উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) ঘূর্ণিঝড় অর্ণবে হাই অ্যালার্ট
ঘূর্ণিঝড় অর্ণবের কারণে জারি হল হাই অ্যালার্ট। স্থানীয় প্রশাসন দিঘার বাসিন্দা এবং পর্যটকদের সতর্ক করতে শুরু করেছে। এমনকি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে। আগামীকাল পর্যন্ত উত্তাল পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকায় পুলিশের তরফ থেকে মাইকিং চালানো হচ্ছে। রাজ্যের উপকূলীয় অঞ্চলগুলি ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই অনুমান করা হচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড়টির গতিপথ থমকে রয়েছে। তবে এর ল্যান্ডফল কোথায় হতে পারে তা পর্যন্ত স্পষ্ট নয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










