প্রীতি পোদ্দার, কলকাতা: রাতারাতি হঠাৎ বদলে গেল আবহাওয়ার ছবি! বসন্তের মেজাজে এবার ধেয়ে এল তুমুল বৃষ্টি। সঙ্গে ভাব জমালো ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত। আগামীকালও থাকবে এমন আবহাওয়া (Weather Tomorrow)। বসন্তের শুরুতে বছরের প্রথম বৃষ্টির সাক্ষী থাকল রাজ্যবাসী। ফেব্রুয়ারির শুরু থেকেই ক্রমশ চড়ছে পারদ। বেলা বাড়লেই দেখা যাচ্ছে গা জ্বালানো কড়া রোদ্দুর। ভোরের দিকে শীতের একটি আমেজ থাকলেও বাকি সময়ে ঘাম ঝড়ছে। এই অবস্থায় বাংলার আবহাওয়ায় বড় বদলের পূর্বাভাস দিল আলিপুর দফতর।
হাওয়া অফিসের রিপোর্ট বলছে, এইমুহুর্তে যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তাই এর প্রভাবে রাজ্য জুড়ে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। মঙ্গলবার ভোর সাড়ে ৪টে থেকে শুরু হয়েছিল বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণের সমগ্র জায়গায় মাঝারি বৃষ্টিপাত হয়। সঙ্গে একদিকে যেমন বজ্রপাত হচ্ছিল, ঠিক তেমনই বইছিল ঝোড়ো হাওয়া। বছরের প্রথম বৃষ্টিতে মুহূর্তের মধ্যে চারিদিকে তাপমাত্রা হালকা কমে গিয়েছিল। তবে বেশিক্ষণ স্থায়ী থাকেনি এই বৃষ্টি। যদিও হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপের কারণে চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বুধবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আর্দ্র পরিবেশ বজায় থাকবে। সকাল থেকেই রোদ এবং মেঘের লুকোচুরি দেখা যাবে। বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে বৃষ্টি হলেও, আগামী দুই-তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ চড়বে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ফলে ভ্যাপসা ভাব বজায় থাকবে।
আরও পড়ুন: আজ থেকে একাদশ দ্বাদশে নিয়োগের সুপারিশপত্র বিলি, কবে শুরু কাউন্সিলিং?
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
নিম্নচাপের বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গে হচ্ছে তা নয়, এর প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙের বেশ কিছু এলাকায় হতে পারে বৃষ্টিপাত। ভোর থেকেই মেঘের গর্জন শুরু হবে। তবে দিনের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আপাতত তাপমাত্রায় বড় পরিবর্তনের কোনো আশঙ্কা নেই। রবি থেকে প্রায় ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।












